ট্রান্সফরমার ও বৈদ্যুতিক যন্ত্রাংশ ‘চোর চক্রের হোতা’ গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকা থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও যন্ত্রাংশ চুরির সঙ্গে জড়িত একটি চক্রের হোতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ। তাঁর নাম শরিফুল ইসলাম (৩৫)। গত বুধবার রাজধানীর খিলগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁর কাছ থেকে ৮টি সার্কিট ব্রেকার, ১২টি ডিস্ক ইন্সুলেটর, ১০টি টেনসন ক্লাম্পসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিবি। এতে বলা হয়, শরিফুল ইসলামসহ চারজনের নেতৃত্বে সারা দেশে দেড় শতাধিক চোর রয়েছে। যারা বৈদ্যুতিক যন্ত্রাংশ চুরির সঙ্গে জড়িত।

ডিবি তেজগাঁও বিভাগের উপকমিশনার গোলাম সবুরের নির্দেশে সহকারী কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম এই অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিবি জানায়, শরিফুল বিদ্যুৎ বিভাগের বিভিন্ন সংস্থার সাব-কন্ট্রাক্টর হিসেবে ঠিকাদারি করতেন। এই কাজ করতে গিয়ে বৈদ্যুতিক যন্ত্রাংশ চোর চক্রের সদস্যদের সঙ্গে সখ্য গড়ে ওঠে তাঁর। তিনি চোরদের কাছ থেকে এসব যন্ত্রাংশ কিনে গুদামজাত করতেন। পরে এসব যন্ত্রাংশ অবৈধ সংযোগ দেওয়ার সময় ব্যবহার করা হতো। এসব যন্ত্রাংশ বিক্রি করে তিনি মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেন।