ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত

আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে গ্রেপ্তার ১৫ জনের রিমান্ড মঞ্জুর

রাজধানীর উত্তরা এলাকায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ১৫ জনের পৃথক মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।

রিমান্ড আবেদনে বলা হয়, ঘটনার রহস্য উদ্‌ঘাটন, মূল হোতা ও নেতৃত্বদানকারীদের শনাক্ত, অর্থের জোগানদাতাদের তথ্য সংগ্রহ এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন প্রথম আলোকে জানান, আদালত ১৪ আসামিকে তিন দিন করে এবং এক নারী আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

তিন দিনের রিমান্ডে নেওয়া ১৪ আসামি হলেন মো. ইয়াকুব হোসাইন রাজিব (২৬), আরাফাত মিয়া (২২), রিফাত হাওলাদার (১৯), হৃদয় হাসান (২১), ফাহিম (১৯), রাজিব হোসেন রানা (২৪), মো. ফিরোজ (২৬), মো. আরিফ (২৮), মো. ওমর ফারুক (২১), আবদুল্লাহ আল আমান (১৯), মো. আবদুল্লাহ আল নোমান (২১), মো. সোহানুর হোসেন শাহীন (২২), মো. হাসিব (১৯) ও মো. হাসিব মিয়া (২৩)। এ ছাড়া ফারজানা (২১) নামের অপর আসামিকে এক দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আসামিদের রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীনসহ অন্যরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কে বরগুনা-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনের বাসায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে পুলিশ। আজ তাঁদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন।

রিমান্ড আবেদনে বলা হয়, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা রাষ্ট্রকে অস্থিতিশীল ও রাষ্ট্রের অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিলেন। অভিযানের সময় ওই বাসার একটি কক্ষের টেবিলের ড্রয়ার থেকে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের পদপ্রত্যাশী ২০ জনের নাম ও জীবনবৃত্তান্ত-সংবলিত ২০ পৃষ্ঠার নথি উদ্ধার করা হয়। উদ্ধার করা কাগজপত্রে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের লোগো, শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ছিল।

এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।