ঘটনাটি তুলে ধরে ফেসবুকে পোস্ট দিয়েছেন ওই ব্যবসায়ী
ঘটনাটি তুলে ধরে ফেসবুকে পোস্ট দিয়েছেন ওই ব্যবসায়ী

হোয়াটসঅ্যাপে ব্রিগেডিয়ার জেনারেলের ছবি, ফোন সোনা ব্যবসায়ীকে, তারপর যা হলো

সকাল সাড়ে নয়টার দিকে হোয়াটসঅ্যাপে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে স্বর্ণ ব্যবসায়ী উত্তম বণিকের কাছে। ব্যস্ত থাকায় ফোনটি ধরতে পারেননি তিনি। পরে মিসড কল দেখে কল ব্যাক করেন। হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবিতে তখন চোখে পড়ে সেনাবাহিনীর এক ব্রিগেডিয়ার জেনারেলের ছবি। নাম দেওয়া ছিল ‘ব্রিগেডিয়ার লুৎফর রহমান’।

ফোনের অপর প্রান্ত থেকে নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে নানা অভিযোগ তোলা হয় তাঁর বিরুদ্ধে। তবে ফোনে কথাবার্তার অসংলগ্নতা বুঝতে পেরে প্রতারকের ফাঁদে পা দেননি উত্তম বণিক। ফোন কেটে দিয়ে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি। পরে জানতে পারেন, একই নম্বর থেকে উত্তরার আরেক ব্যবসায়ীকেও ফোন করা হয়েছে।

উত্তম বণিক ‘জায়া গোল্ডেন অ্যান্ড ডায়মন্ড’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তিনি একাধিকবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নির্বাহী কমিটিতে ছিলেন। বর্তমানে সংগঠনটির একটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান।

ঘটনার বর্ণনা দিয়ে উত্তম বণিক প্রথম আলোকে বলেন, ‘কল ব্যাক করতেই তিনি নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে বলেন, আমি নাকি বিভিন্ন গ্রুপে অসামাজিক ছবি পোস্ট করি। আমি এমন কিছু করি না জানালে তিনি বলেন, হয়তো আমার সন্তানেরা করেছে। আমি বলি, বাচ্চারা আমার ফোন ধরে না। তাদের এমন কিছু করার প্রশ্নই আসে না।’

উত্তম বণিক বলেন, এরপর ওই ব্যক্তি তাঁকে বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দেন। অন্যথায় বড় সমস্যা হতে পারে বলে ভয় দেখান। তবে কথাবার্তার একপর্যায়ে তাঁর সন্দেহ হয়, ফোনকারী সেনাবাহিনীর কোনো কর্মকর্তা নন। তাই আর কথা না বাড়িয়ে ফোন কেটে দেন।

আগেও এ ধরনের অভিজ্ঞতা থাকায় ভয় পাননি বলে জানান উত্তম বণিক। তিনি বলেন, ‘তাঁকে স্পষ্ট বলেছি, আমার এমন কোনো কাজ নেই, আপনি যা খুশি করেন। এরপরও তিনি নানাভাবে চাপ দেওয়ার চেষ্টা করেছেন। তবে আমি পাত্তা দিইনি।’

এক বছর আগে বাজুসের কোষাধ্যক্ষ থাকার সময়ও একই ধরনের প্রতারণার চেষ্টা হয়েছিল বলে জানান উত্তম বণিক। সে সময় রাজস্ব কর্মকর্তা পরিচয়ে অপরিচিত একটি নম্বর থেকে তাঁকে ফোন করে বাজুসের হিসাবে গরমিল রয়েছে অভিযোগ তুলে টাকা দাবি করা হয়। টাকা না দিলে মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয়ও দেখানো হয়েছিল। ওই সময় শুধু তাঁকে নয়, বাজুসের অনেক সদস্যকেই ফোন করে টাকা দাবি করা হয়েছিল বলে জানান তিনি।

একই নম্বর থেকে আরেক ব্যবসায়ীকে ফোন

আজকের ফোন পাওয়ার পর অন্যদের সতর্ক করতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন উত্তম বণিক। বাজুসের প্রায় ৪০ হাজার সদস্যের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপেও পোস্টটি শেয়ার করেন তিনি। এরপর উত্তরার আরেক ব্যবসায়ী একই নম্বর থেকে ফোন পাওয়ার কথা জানান।

হোয়াটসঅ্যাপের ছবিটি ব্রিগেডিয়ার জেনারেল লুৎফর রহমানের

খোঁজ নিয়ে জানা যায়, প্রতারক চক্রের ব্যবহৃত ছবিটি ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমানের। তিনি বর্তমানে নাটোর সেনানিবাসের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির উপাচার্য।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দুই থেকে তিন মাস ধরে প্রতারক চক্রটি তাঁর ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ফোন করছে। বিষয়টি জানার পর তিনি সেনাবাহিনীর বিভিন্ন দপ্তরকে জানিয়েছেন। পাশাপাশি স্থানীয় থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডির সঙ্গে প্রতারকদের ব্যবহার করা একাধিক ভুয়া হোয়াটসঅ্যাপ নম্বরও জমা দিয়েছেন। তবে এখন পর্যন্ত এ চক্রের কেউ শনাক্ত বা গ্রেপ্তার হয়নি।

ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমানের ব্যক্তিগত সহকারী (পিএস) হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা একাধিকবার বিষয়টি পুলিশকে জানিয়েছি। কিন্তু কোনো সুরাহা হয়নি। স্যারের মতো একজন ভদ্র মানুষের ছবি ব্যবহার করে এমন প্রতারণায় তিনি খুবই বিব্রত।’

আগেই সতর্ক করেছে আইএসপিআর

সেনাবাহিনীর ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে ফোন দিয়ে প্রতারণা সম্পর্কে আগেই সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। গত ৯ এপ্রিল তারা এ–সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিও দেয়।

আইএসপিআর জানায়, সেনাবাহিনী ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) ব্রিগেডিয়ার জেনারেল, লেফটেন্যান্ট কর্নেলসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তার পরিচয়ে একটি প্রতারক চক্র সাধারণ মানুষকে ফোন করে ভয়ভীতি দেখাচ্ছে। সেনাবাহিনীর ওয়েবসাইট থেকে কর্মকর্তাদের ইউনিফর্ম পরা ছবি সংগ্রহ করে হোয়াটসঅ্যাপের প্রোফাইলে ব্যবহার করছে চক্রটি।

আইএসপিআর আরও জানায়, সেনাবাহিনী বা কোনো গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে এ ধরনের যোগাযোগ করা হয় না। কেউ সামরিক কর্মকর্তা পরিচয়ে ফোন বা বার্তায় ভয়ভীতি দেখালে কিংবা অসদুপায়ে সুবিধা আদায়ের চেষ্টা করলে সংশ্লিষ্ট নম্বরসহ নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে। প্রতারক চক্রকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে। সবাইকে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।