সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে ৫৩ হাজার ৫১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১ মে থেকে ২৬ আগস্টের মধ্যে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় অস্ত্র, গুলি, মাদক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিশেষ অভিযানে ৪৩৮টি আগ্নেয়াস্ত্র, ৪ হাজার ৭২২টি গুলি, ১৬৫টি ম্যাগাজিন, ৬৫টি ককটেল, সোয়া দুই কেজি গানপাউডার, ৮৯৩টি দেশীয় অস্ত্র, অস্ত্রের ৭১টি যন্ত্রাংশ, অস্ত্র ও বোমা তৈরির ২১টি সরঞ্জাম ও ১০ হাজার ৩০০টি চকলেট বাজি উদ্ধার করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ১৫৩টি পিস্তল, ৪৮টি শুটারগান, ৪৫টি এলজি, ২৬টি রিভলবার, ১০৮টি বন্দুক, ২৬টি পাইপগান, ৭টি শটগান, ৭টি রাইফেল, ৩টি টিএসএমজি, ১২টি এয়ারগান ও ১টি পেনগান।
বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৩ হাজার ৫১৮ জনের বাইরে ১ মে থেকে ২৬ আগস্ট পর্যন্ত অন্যান্য মামলা ও অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১ লাখ ৪১ হাজার ৬২৮ জনকে। ফলে এ সময়ে বিশেষ অভিযান এবং অন্যান্য মামলায় মোট গ্রেপ্তার করা হয়েছে ১ লাখ ৯৫ হাজার ১৪৬ জনকে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে ১ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৫৫৯টি ইয়াবা, ১০ হাজার ৭৩২ পুরিয়া হেরোইন, ৩০ হাজার ৪২৭ বোতল ফেনসিডিল, ১৩ হাজার ৮৬৫ বোতল বিদেশি মদ, ৫৬০ বোতল দেশি মদ, ১২ হাজার ৫৩ পুরিয়া গাঁজা এবং মাদকজাতীয় অন্যান্য দ্রব্য উদ্ধার করেছে পুলিশ।