রাজধানীর খিলগাঁওয়ের উত্তর নন্দীপাড়া ৬ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবন থেকে মো. আরিফ সরদার (২২) নামের এক রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
আরিফ সরদার জামালপুর জেলার ইসলামপুর থানার পোড়ারচর সরদারপাড়া এলাকার আলম সরদারের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর সবুজবাগের মানিকদিয়া চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে তারা বেলা ১১টার দিকে উত্তর নন্দীপাড়ার ৬ নম্বর সড়কের নূর টাওয়ারের পাশে একটি নির্মাণাধীন ১০ তলা ভবনে যান। ভবনটির ছাদের ওপর তৈরি নামাজের কক্ষে ফ্যানের হুকের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় আরিফ সরদারের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নজরুল ইসলাম বলেন, মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।