ইরানে মানব পাচারকারী চক্রের সদস্য গ্রেপ্তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকার আবদুল্লাহপুর এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সদস্য আ. সালাম ছোলামত উল্লাহকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গতকাল রোববার তাঁকে গ্রেপ্তার করা হয়। ছোলামত উল্লাহ ইরানে মানব পাচারকারী চক্রের সদস্য বলে দাবি সিআইডির। তাঁর বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানায় মানব পাচার প্রতিরোধ আইনে মামলা আছে।

সোমবার সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। এতে বলা হয়, দেশের বিভিন্ন এলাকা থেকে বিদেশে পাঠানোর কথা বলে মানুষ সংগ্রহ করতেন ছোলামত উল্লাহ। কয়েক লাখ টাকা নিয়ে ভুক্তভোগীদের ভ্রমণ ভিসায় দুবাই পাঠাতেন। সেখানে নিয়ে গিয়ে মানব পাচারকারী চক্রের সদস্যরা ভুক্তভোগীদের মারধর করতেন।

একপর্যায়ে কাগজপত্র কেড়ে নিয়ে ইরানি দালালদের হাতে তুলে দেওয়া হতো তাঁদের। পরে দুই দেশের মানব পাচারকারী চক্রের সদস্যরা ভুক্তভোগী ব্যক্তিদের নির্যাতন করে সেই ছবি মুঠোফোনে ধারণ করে দেশে থাকা আত্মীয়স্বজনদের পাঠিয়ে মুক্তিপণ দাবি করতেন।

সিআইডি সূত্র জানায়, ছোলামত উল্লাহ মানব পাচারে জড়িত বলে স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।