
রাজধানীর উত্তরায় ডিজিএফআই সদস্য পরিচয়ে এক ব্যক্তির কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার তিন আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবিরের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।
আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দীন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিন দিনের রিমান্ড শেষে আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানির সময় আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না এবং জামিনেরও কোনো আবেদন করা হয়নি। শুনানি শেষে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো তিন আসামি হলেন মো. রাসেল মাহবুব ওরফে মাছুম (৪২), সোহেল মির্জা (৪১) ও মো. সজীব (৩৬)।
আদালতে দেওয়া তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, রিমান্ডে নিয়ে আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ঘটনার বিষয়ে তাঁরা বিভিন্ন তথ্য দিয়েছেন। আসামিদের দেওয়া এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তাঁদের নাম-ঠিকানা পুরোপুরি যাচাই না করা পর্যন্ত কারাগারে আটক রাখা প্রয়োজন। জামিনে মুক্তি পেলে আসামিরা পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এর আগে ২ অক্টোবর রাজধানীর উত্তরা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আবু নাসির বাদী হয়ে পাঁচজনকে আসামি করে উত্তরা পূর্ব থানায় একটি মামলা করেন। পরদিন ৩ অক্টোবর পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২ অক্টোবর সকাল আনুমানিক আটটার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের একটি ভবনের দশম তলায় যান কয়েক ব্যক্তি। তাঁরা নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে ফ্ল্যাটের মালিক কাইয়ুম শাহরিয়ার জাহেদীকে তাঁর বিরুদ্ধে মামলা থাকার কথা বলে ভয়ভীতি দেখান। একপর্যায়ে মামলা নিষ্পত্তির কথা বলে তাঁরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ভয়ে ফ্ল্যাটমালিক তাঁদের ১ লাখ ৫৯ হাজার টাকা দেন।
পরবর্তী সময়ে তাঁদের কর্মকাণ্ড সন্দেহজনক মনে হলে ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে উত্তরা পূর্ব থানার একটি টহল দল ঘটনাস্থলে যায় এবং একজনের কাছে একটি পরিচয়পত্র পায়। পরিচয়পত্রটি দেখে সন্দেহ হওয়ায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজির কথা স্বীকার করেন।
গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে ডিজিএফআইয়ের একটি ভুয়া পরিচয়পত্র, একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল, ১ লাখ ৫৯ হাজার টাকা, একটি ওয়াকিটকি ও এক জোড়া হাতকড়া উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, আসামিদের দেওয়া তথ্য যাচাই-বাছাই চলছে। আসামি রাসেল মাহবুবের বিরুদ্ধে আগেও একই ধরনের মামলা রয়েছে।