
ঢাকার মিরপুরে ব্যবসায়ী আফতাব উদ্দিনকে গুলি করে হত্যার পর দেড় যুগ পার হলেও মামলার বিচার শেষ হয়নি। এর মধ্যে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেওয়া একজনসহ দুই আসামি মারা গেছেন। মারা গেছেন চার সাক্ষীও।
কিন্তু মামলাটি এখনো সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। ১৮ বছর ধরে ছেলে হত্যার বিচারের অপেক্ষায় থাকা বৃদ্ধ মা-ও এখন অসুস্থ। মৃত্যুর আগে তিনি ছেলের খুনিদের শাস্তি দেখে যেতে চান।
আফতাব উদ্দিন (৪৭) ছিলেন মিরপুর–১ নম্বরের মুক্তবাংলা শপিং কমপ্লেক্স পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক। তিনি ওই মার্কেটটি নির্মাণ করেছিলেন। সেখানে বেশ কয়েকটি দোকান ছিল তাঁর। ২০০৫ সালের ২৫ ডিসেম্বর মিরপুর ২ নম্বর সেকশনের ই-ব্লকের নিজ বাসার কাছে তাঁকে গুলি করে সন্ত্রাসীরা। তিন দিন পর পান্থপথের শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশের তালিকার শীর্ষ সন্ত্রাসী শাহাদত ও তাঁর সহযোগীরা আফতাবকে হত্যা করেন বলে অভিযোগ।
গত ২২ জুলাই মিরপুরের বাসায় গেলে আফতাবের মা আফরোজা বেগম (৯৫) ছেলে হত্যার বিচার চেয়ে কেঁদে ফেলেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি প্রথম আলোকে বলেন, ‘কী দোষ করেছিল আমার ছেলে, কেন তাকে মেরে ফেলল? ওর চিন্তায় এখন রাতে আর ঘুম হয় না।’ সন্তানহারা এই মা বলেন, ‘মৃত্যুর আগে অন্তত ছেলে হত্যার বিচারটা যেন দেখে যেতে পারি। সন্ত্রাসীরা বড় ছেলে ফিরোজউদ্দিন ও নাতি জাহাঙ্গীর আলমকে খুন করল, তারও বিচার পাইনি।’
আফতাব নিহত হওয়ার পর তাঁর ভাই ব্যবসায়ী আফরোজউদ্দিন বাদী হয়ে মিরপুর থানায় শীর্ষ সন্ত্রাসী শাহাদত, খোরশেদ, ওসমান গনি এবং তাঁদের ১৩ সহযোগীর নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়। মোটা অঙ্কের চাঁদা না দেওয়ায় আফতাবকে হত্যা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।
র্যাব-৪ তদন্ত করে শীর্ষ সন্ত্রাসী শাহাদতসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। তাঁদের মধ্যে ৯ জন গ্রেপ্তার হয়েছিলেন। তাঁদের মধ্যে ১ নম্বর আসামি ওসমান গনিসহ সাতজন জামিনে মুক্ত হন। শাহাদতসহ ১০ জন পলাতক।
পুলিশ সূত্র জানায়, অভিযোগপত্রভুক্ত শাহাদত ১৪টি হত্যা আর খোরশেদ ১০টি হত্যাসহ ১৩টি মামলার পলাতক আসামি। ওয়ার্ড কাউন্সিলর ছাইদুর রহমান ওরফে নিউটন হত্যাসহ দুটি মামলায় আদালত শাহাদতকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। ছাইদুর হত্যা মামলায় খোরশেদও মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত। তাঁরা দুজন বিদেশে পালিয়ে আছেন বলে জানা গেছে। তাঁদের নামে বিভিন্ন থানায় চাঁদাবাজির অভিযোগে পাঁচ শতাধিক জিডি রয়েছে।
আদালত সূত্র জানিয়েছে, ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে আফতাব হত্যা মামলার বিচারকাজ চলার মধ্যে ২০১০ সালের ৩ অক্টোবর সেটি ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা হিসেবে চিহ্নিত করে বাতিল করা হয়। এ নিয়ে ওই বছরের ২৯ নভেম্বর প্রথম আলোতে সংবাদ প্রকাশ হওয়ার পর মামলাটি পুনরুজ্জীবিত করা হয়। তবে অভিযোগপত্রভুক্ত ১৯ আসামির মধ্যে ১ নম্বর আসামি ওসমান গনিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। ওই বছর ডিসেম্বরে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন এবং পরের বছর ২৬ জানুয়ারি মামলাটি রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার হওয়ার আদেশ বাতিল এবং সব আসামির বিরুদ্ধে মামলা চালানোর নির্দেশ দেন। পরদিন ২৭ জানুয়ারি হাইকোর্ট শীর্ষ সন্ত্রাসী শাহাদতসহ ১৯ আসামির অব্যাহতির আদেশ বাতিল করেন।
এরপর ২০১৬ সালে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারকাজ চলার সময় ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রশাসনিক কারণ দেখিয়ে মামলাটি নিয়ে আসে। তখন মামলার বাদী আফরোজউদ্দিন এর বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেন। ২০২১ সালের জানুয়ারিতে হাইকোর্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতের আদেশ স্থগিত করেন। পরে ২০২২ সালের জানুয়ারিতে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
মামলার বাদী আফরোজউদ্দিন প্রথম আলোকে বলেন, অভিযোগপত্রভুক্ত আসামিরা প্রভাবশালী, শীর্ষ সন্ত্রাসী ও দুর্ধর্ষ চাঁদাবাজ। তাঁরা প্রভাব খাটিয়ে এই মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করিয়েছিলেন। সাক্ষ্য গ্রহণের ধার্য তারিখে তাঁরা আদালতে আবেদন করে সময় নিয়ে মামলার তারিখ বারবার পেছাচ্ছেন। এ ছাড়া প্রভাবশালী আসামিদের পক্ষ থেকে মিথ্যা মামলা দিয়ে তাঁকে নানাভাবে হয়রানি করা হচ্ছে।
আসামিরা এভাবে প্রায় দেড় যুগ মামলার বিচারকাজ বাধাগ্রস্ত করেছেন। এ অবস্থায় মামলায় ন্যায়বিচার পাবেন কি না, তা নিয়ে তিনি শঙ্কায় আছেন।
আফরোজউদ্দিন জানান, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া মামলার অভিযোগপত্রভুক্ত আসামি রিয়াজ দেওয়ান ওরফে রেজা (করোনায় মৃত্যু) ২০২১ সালে এবং আরেক আসামি মুন্সি এবাদুল অসুস্থ হয়ে ওই বছর মারা গেছেন। এ ছাড়া মামলার চার সাক্ষী সাবেক ওয়ার্ড কমিশনার আহসানউল্লাহ হাসান, মো. আতিক, আনোয়ার হোসেন ও হাবিবুর রহমান মারা গেছেন। এ ছাড়া দুর্ধর্ষ সন্ত্রাসী আসামিদের হুমকি–ধমকির মুখে কিছু সাক্ষী এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।
আফরোজউদ্দিন বলেন, ভাইয়ের হত্যার বিচার চাইতে গিয়ে তিনি এজাহারভুক্ত সব আসামির রোষানলে পড়েছেন এবং ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। মামলা তুলে নিতে আসামিদের হুমকির মুখে মিরপুরের বিভিন্ন থানায় এ নিয়ে অন্তত ৪৬টি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। হত্যাকাণ্ডের প্রথম দিকে পুলিশ জিডিগুলো আমলে নিয়ে তাঁদের পরিবারকে নিরাপত্তা দিত। কিন্তু এখন আর গুরুত্ব দেয় না। এ অবস্থায় তাঁর জীবন ঝুঁকিতে থাকলেও তিনি থানায় আর জিডি করেন না।
সর্বশেষ গত বছরের ২২ ফেব্রুয়ারি মিরপুর মডেল থানায় আফরোজউদ্দিনের করা জিডিতে বলা হয়, হত্যা মামলার ১ নম্বর আসামি ওসমান গনি, ডিশ শাহীন, প্রয়াত আসামি এবাদুলের ভাই কামরুল হাসনাত বিত্তশালী ও ক্ষমতাশালী। তাঁরা প্রভাব খাঁটিয়ে টাকার বিনিময়ে অজ্ঞাত ব্যক্তিদের দিয়ে তাঁকে এবং তাঁর পরিবার সদস্যদের গুম-খুন করার পরিকল্পনা করছেন।
ওই জিডি তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলামের সঙ্গে ৩০ জুলাই যোগাযোগ করা হয়। তিনি প্রথম আলোকে বলেন, জিডিতে যাঁদের কথা বলা হয়েছে, সেই ওসমান গনি, ডিশ শাহীন ও কামরুল হাসনাতকে খুঁজে পাননি।
মামলার অবস্থা জানতে ৩০ জুলাই দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর সরকারি কৌঁসুলি মো. মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, মামলার সাক্ষ্য নেওয়া চলছে। সবার সাক্ষ্য শেষ হলেই রায় হবে।
এভাবে মামলার বিচার ঝুলে থাকাটা বিচারহীনতার নিদর্শন বলে মন্তব্য করেছেন মানবাধিকারকর্মী নূর খান (লিটন)। আজ মঙ্গলবার বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশে বহু মামলা ঝুলে থাকার নজির আছে। দুর্নীতির মাধ্যমে মামলাটির বিচারকার্য যাতে সম্পাদন না হয়, সেই প্রক্রিয়াটিও বহাল আছে। আফতাব হত্যা মামলার ওপরও যে কতটা প্রভাব ছিল, তা সহজেই বোঝা যায় মামলার ১ নম্বর আসামিকে (ওসমান গনি) অব্যাহতি দেওয়ার মধ্য দিয়ে।’
এ ধরনের মামলার বিচার দ্রুত করার পাশাপাশি বাদী ও সাক্ষীদের সুরক্ষা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।