রাজধানীর দক্ষিণখানে দুই বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়েছে।
শিশুটির মামা জানান, সোমবার দুপুরে শিশুটির মা তাকে বাসায় ঘুম পাড়িয়ে গৃহকর্মীর কাজে গিয়েছিলেন। প্রায় দুই ঘণ্টা পর ফিরে এসে তিনি শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় একটি হাসপাতাল হয়ে বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ সূত্র জানায়, ঘটনার সময় পাশের কক্ষের ১০ বছর বয়সী এক শিশু কিছু সময়ের জন্য ওই শিশুকে কোলে নিয়েছিল। এরপরই নির্যাতনের অভিযোগ ওঠে। জানতে চাইলে দক্ষিণখান থানার পরিদর্শক মিন্টু চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, এমন একটি অভিযোগ পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক আশরাফী ইয়াসমিন বলেন, শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তাকে হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হবে। ফরেনসিক পরীক্ষার পর আঘাতের প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।