রাজধানীর কামরাঙ্গীরচরে বেড়িবাঁধের ঢাল থেকে দুটি বিচ্ছিন্ন ও পচন ধরা মানুষের হাত উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় কামরাঙ্গীরচর থানার ৫৭ নম্বর ওয়ার্ডের শহীদনগর বউবাজার এলাকার বিপরীত পাশে বাবুবাজার-গাবতলীগামী বেড়িবাঁধের পশ্চিম ঢাল থেকে হাত দুটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া হাত দুটি একই ব্যক্তির কি না এবং তাঁর লিঙ্গ নির্ধারণের জন্য ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ করতে আজ রোববার দুপুরে সেগুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক ব্রজ কিশোর পাল জানান, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একটি প্লাস্টিকের ব্যাগ ও তার পাশে দুটি পচন ধরা হাত পড়ে থাকতে দেখা যায়। প্লাস্টিকের ব্যাগটির গায়ে ‘ডিএমসিএইচ ২০২৪–২৫ অর্থবছর’ লেখা ছিল।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, উদ্ধার হওয়া দুটি হাতের একটিতে পাঁচটি আঙুল অক্ষত পাওয়া গেছে। হাত দুটি কাদামাখা, অর্ধগলিত ও পোকা ধরা অবস্থায় ছিল।