
সরকারের একের পর এক পর্নো সাইট বন্ধ করলেও সাইবার অপরাধীরা নিত্যনতুন কৌশলে অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পর্নো ব্যবসার কৌশল হিসেবে তাঁরা অনলাইন প্ল্যাটফর্মে লাইভ পর্নো ভিডিও স্ট্রিমিং পরিচালনা করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ ও বিদেশে তা অবৈধভাবে পাচার করছেন। অনলাইন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ওই অনলাইন মোবাইল অ্যাপ্লিকেশন সাইটটির মূল হোতা আবু মুসা ইমরান আহমেদ ওরফে সানি ও তাঁর পাঁচ সহযোগীকে শনাক্ত ও গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল বুধবার রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১১টি মুঠোফোন, ১৭টি সিম কার্ড, ২টি ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের চেকবই ও ডেবিট-ক্রেডিট কার্ড উদ্ধার করে।
গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন মো. আবু শামা (৪১), ফাতেমা আক্তার (২৪), শায়লা আক্তার (৩৪), শাহ আরমান (২৭) ও মো. সেলিম (৩৫)।
আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের) মো. আসাদুজ্জামান। তিনি বলেন, অনলাইন প্ল্যাটফর্মে অপরাধপ্রবণতা নিরসনে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ নিয়মিত সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে একটি আন্তর্জাতিক ভিডিও লাইভ প্ল্যাটফর্ম ‘টপ ক্লাস এন্টারটেইনমেন্টের’ মোবাইল অ্যাপ্লিকেশন ‘ড্রিম লাইভের’ অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারে। পরে ব্যাপক অনুসন্ধান ও অনলাইন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বাংলাদেশে ওই অনলাইন মোবাইল অ্যাপ্লিকেশন সাইটটির মূল হোতা আবু মুসা ইমরান আহমেদ সানি ও তাঁর সহযোগীদের শনাক্ত করা হয়। গ্রেপ্তার আবু মুসা সারা দেশে ১২০টির বেশি এজেন্সির মাধ্যমে ভিডিও লাইভ স্ট্রিমিং সাইটটি পরিচালনা করছিলেন। আবু মুসা তাঁর অন্য সহযোগীদের সহায়তায় বাংলাদেশে অননুমোদিত ভার্চ্যুয়াল ডায়মন্ড ও ভার্চ্যুয়াল গেম কয়েন অবৈধ ই-ট্রানজেকশনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। তাঁর ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট স্টেটমেন্ট পর্যালোচনায় গত ৩ মাসে প্রায় ৩০ কোটি টাকা অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু মুসা বলেছেন, তিনি ও তাঁর অন্য সহযোগীরা পরস্পরের যোগসাজশে অনলাইন প্ল্যাটফর্মে লাইভ পর্নো ভিডিও স্ট্রিমিং সাইট পরিচালনা করে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও বিদেশে অবৈধভাবে তা পাচার করে আসছিলেন। আবু মুসা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে।