
চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকার একটি ক্লিনিক থেকে চুরি হওয়া এক নবজাতককে আনোয়ারা উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। নার্স সেজে কৌশলে নবজাতককে মায়ের কাছ থেকে চুরি করে পালিয়ে যান এক নারী।
গতকাল সোমবার রাতে উপজেলার বারখাইন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন স্বামী রিপন মল্লিক ও স্ত্রী শিমু নাথ। পুলিশ বলছে, তাঁরা নবজাতককে লালন-পালনের জন্য চুরি করেছিলেন।
ওই নবজাতক আনোয়ারা উপজেলার গহিরা এলাকার মো. শহিদ ও তাসমিন আক্তার দম্পতির ছেলে।
হাসপাতালের সিসিটিভির ফুটেজে দেখা গেছে, গত রোববার বেলা তিনটার দিকে ওই নারী নবজাতকের মায়ের কাছে নিজেকে নার্স হিসেবে পরিচয় দেন। টিকা দেওয়ার কথা বলে মায়ের কাছ থেকে শিশুটিকে নিয়ে যান। টিকার কাগজপত্র হাতে নবজাতকের নানিকে বাইরে দাঁড়িয়ে থাকতে বলে ওই নারী নবজাতককে নিয়ে পালিয়ে যান।
পরে ইপিজেড থানায় মামলা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম নবজাতককে উদ্ধারের কথা জানিয়েছেন।