ছিনতাই
ছিনতাই

মোহাম্মদপুরে ছিনতাই

চারজন ঘিরে ধরে, তিনজনের পকেটেই ছিল চাপাতি

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় এক তরুণকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে তাঁর মুঠোফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গত শুক্রবার বিকেলে ঢাকা উদ্যানের জনতা বাজার এলাকায় এ ছিনতাইয়ের শিকার হন রাব্বি আলম রাফসান (২৭) নামের ওই যুবক। এ ঘটনায় তিনি মোহাম্মদপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা করেছেন।

শনিবার রাতে ছিনতাইয়ের সেই তিক্ত অভিজ্ঞতার বর্ণনা দেন ভুক্তভোগী রাফসান। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে জনতা বাজারের সামনে একটি ফার্মের কাছে অন্য একটি রিকশা এসে আমাদের চাপ দেয়। সঙ্গে সঙ্গে চার যুবক এসে ঘিরে ধরে, যাদের তিনজনেরই প্যান্টের ভেতর থেকে চাপাতি বের করা ছিল। তারা চাপাতির উল্টো পাশ দিয়ে আমাকে এলোপাতাড়ি মারতে থাকে। আমি বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে কনুইতে পোঁচ দেয় এবং একজন বলে ওঠে, “ওরে কোপ দে”। তখন জীবন বাঁচানো ফরজ মনে করে আমি ফোনটি ছেড়ে দিই।’

ঘটনার পর মোহাম্মদপুর থানায় যান রাফসান। তবে শুরুতে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছ থেকে আশানুরূপ সাড়া পাননি বলে অভিযোগ তাঁর। তিনি বলেন, পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি শুনে মামলা নথিভুক্ত করার নির্দেশ দেন। তবে ঘটনার ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও ছিনতাইকারীদের শনাক্ত বা গ্রেপ্তারের বিষয়ে পুলিশ কার্যকর কোনো অগ্রগতি জানাতে পারেনি।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম প্রথম আলোকে বলেন, ‘মামলা হয়েছে, উদ্ধারে অভিযান চলছে।’