
সমুদ্রসৈকত কুয়াকাটায় গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে অজ্ঞান ও মলম পার্টির সদস্য সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ। তাঁদের কাছ থেকে ২টি কৌটাভর্তি চেতনানাশক ওষুধ ও পর্যটকদের কাছ থেকে লুট করে নেওয়া ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জাহাঙ্গীর মোল্যা (৩৪), মামুন আকন (৪২), শাহ আলম হাওলাদার (৫২), জাকির হাওলাদার (৪৫), মাহাবুব ফকির (৩৮) ও কুদ্দুস মোল্লা (৩৪)।
ট্যুরিস্ট পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত সুপার নাদীয়া ফারজানা আজ শুক্রবার প্রথম আলোকে বলেন, গতকাল বিকেল পাঁচটার দিকে ট্যুরিস্ট পুলিশের একটি দল কুয়াকাটার লেম্বুর বন এলাকায় দায়িত্বপালনকালে তাদের কাছে গোপন তথ্য আসে, অজ্ঞান ও মলম পার্টির সদস্যরা অপরাধ কর্মকাণ্ড ঘটাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছেন। ওই তথ্যের ভিত্তিতে ট্যুরিস্ট পুলিশের দলটি সেখানে অভিযান চালিয়ে অজ্ঞান ও মলম পার্টির সদস্য সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে পটুয়াখালীর মহিপুর থানায় মামলা হয়েছে।