গভীর রাতে মুরগি কিনতে গিয়ে গুলিস্তানে ছিনতাইকারীর ছুরিতে বাবা–ছেলে আহত

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত জাকির হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঢাকা, ৩ আগস্ট
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তান এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জাকির হোসেন (৪৩) নামের এক ব্যক্তি এবং তাঁর ছেলে জসিম উদ্দিন (১৭) আহত হয়েছেন। জিরো পয়েন্ট–সংলগ্ন জিপিওর (জেনারেল পোস্ট অফিস) সামনে গতকাল বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন জাকির হোসেন আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, তিনি সপরিবার রাজধানীর হাতিরপুলের পুকুরপাড় এলাকায় থাকেন। কারওয়ান বাজারে তার মুরগির দোকান আছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে নিজের ভ্যান ও একটি রিকশা ভাড়া করে কাপ্তানবাজারে মুরগি কিনতে যাচ্ছিলেন। সঙ্গে বড় ছেলে বিল্লাল হোসেন ও ছোট ছেলে জসিম উদ্দিন ছিলেন। এ সময় জিপিওর সামনে দুটি মোটরসাইকেলে চার ছিনতাইকারী তাঁদের গতি রোধ করে।

জাকির হোসেন বলেন, ছিনতাইকারীরা তাঁর মাথার বাঁ পাশে ও কানে ছুরি দিয়ে আঘাত করে। এরপর তাঁর কোমরের ডান পাশে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় তার ছেলে জসিম বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তাঁর হাতে ও পিঠে ছুরিকাঘাত করে চলে যায়। কোমরের বাঁ পাশে গুঁজে রাখা ৪৫ হাজার টাকা নিতে পারেনি ছিনতাইকারীরা। পরে তাঁরা দুজন গিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

খবর পেয়ে আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান জাকির হোসেনের স্ত্রী নাজমা বেগম। তিনি স্বামী ও ছেলের অবস্থা দেখে উদ্বিগ্ন। তিনি ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

আজ বিকেলে এ বিষয়ে যোগাযোগ করা হলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া ছিনতাইয়ের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, আহত ব্যক্তিরা মামলা দিতে এলে গ্রহণ করা হবে। আশপাশে থাকা ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।