অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে মামলা করেছেন তাঁর খালাতো ভাই ও এ ওয়ান ট্রেডিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আজিজুর রহমান। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে মামলাটি করেন আজিজুর রহমান। মামলায় ডিপজলের পাশাপাশি তাঁর ম্যানেজার আবদুল গণি ও ব্যক্তিগত সহকারী খোকনকেও আসামি করা হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রাসেল খন্দকার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়েছে, বাদীর সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ডিপজল দীর্ঘদিন ধরে বিভিন্ন অপচেষ্টা চালিয়ে আসছেন। এর ধারাবাহিকতায় গত বছরের ৩ আগস্ট ডিপজলের ম্যানেজার আবদুল গণি দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেখানে অভিযোগ করা হয়, আজিজুর রহমানের নির্দেশে কয়েকজন ব্যক্তি নাভানা সিএনজির সাইনবোর্ড ভেঙে নিজেদের নামে লাগানোর চেষ্টা করেন এবং ওই সম্পত্তির মালিকানা দাবি করে ভাড়া দাবি করেন।
তবে ওই জিডির তদন্তে পুলিশ আজিজুর রহমানের সম্পৃক্ততার কোনো প্রমাণ পায়নি বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এরপরের দিন ডিপজল তাঁর ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে একটি পোস্ট দেন।
বাদী আজিজুর রহমানের দাবি, নাভানা সিএনজির সম্পত্তির প্রকৃত মালিক তিনি। অথচ ডিপজল সেটিকে নিজের সম্পত্তি দাবি করে সামাজিকভাবে তাঁকে হেয় করার চেষ্টা করেছেন।
মামলায় আরও অভিযোগ করা হয়, ফেসবুক পোস্টের পাশাপাশি টেলিভিশন, সংবাদপত্র ও বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে বিষয়টি প্রচার করে ডিপজল বাদীর সামাজিক মর্যাদা ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করেছেন। এতে তাঁর কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।