শাহবাগ থানা
শাহবাগ থানা

ফেসবুকে ব্যক্তিগত তথ্য ফাঁস, নিরাপত্তা চেয়ে ঢাবি শিক্ষক শেহরীনের জিডি

অনুমতি ছাড়াই ফেসবুকে ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য ছড়িয়ে দেওয়া এবং অচেনা নম্বর থেকে কল করে হুমকি দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী)। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক।

রোববার শাহবাগ থানায় তিনি এ জিডি করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান প্রথম আলোকে জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

জিডি সূত্রে জানা যায়, শেহরীন আমিন ভূঁইয়ার অনুমতি ছাড়া তাঁর মোবাইল নম্বর, ই–মেইল ঠিকানা ও বাসার ঠিকানা ফেসবুকে পোস্ট করা হয়। এর পর থেকেই বিভিন্ন অচেনা নম্বর থেকে ফোন করে তাঁকে নানাভাবে বাজে কথা বলা ও হুমকি দেওয়া হচ্ছে। একই সঙ্গে বাসা–সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আসায় নিজের বাসভবনে অবস্থান করাকে অনিরাপদ মনে করছেন তিনি। সার্বিক নিরাপত্তা ও বিষয়টির আইনি প্রতিকার চেয়ে থানায় জিডিটি করেন ওই শিক্ষক।

শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান বলেন, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে। জিডিটি গোয়েন্দা শাখায় (ডিবি) পাঠানো হবে বলেও জানান তিনি।

ফেসবুকে কোন অ্যাকাউন্ট থেকে এসব তথ্য পোস্ট করা হয়েছে, সে বিষয়ে জানতে শেহরীন আমিন ভূঁইয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।