ছুরিকাঘাতে হত্যা
ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে সম্পর্ক নিয়ে বিরোধে তরুণীর ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর মহাখালীতে সম্পর্ক নিয়ে বিরোধে এক তরুণীর ছুরিকাঘাতে মো. মামুন ভুইয়া (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ ঘটনায় বিউটি আক্তার (৩০) নামের ওই তরুণীকে গ্রেপ্তার করেছে বনানী থানা–পুলিশ।

শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামুনের মৃত্যু হয়। তিনি বাংলাদেশ রেলওয়েতে কর্মরত ছিলেন। দুজনের বাড়িই ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়।

বনানী থানা–পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বেলা দেড়টার দিকে মহাখালীর টিবি গেট এলাকার পূর্বপাড়ার একটি ভাড়া বাসায় ছুরি দিয়ে মামুনের পেট ও স্পর্শকাতর অঙ্গে আঘাত করেন বিউটি। এতে মামুন গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন মামুনকে উদ্ধার করে প্রথমে মহাখালীর গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে তিনি মারা যান।

মামুনের চাচা মোকসেদ আলী ভূঁইয়া প্রথম আলোকে বলেন, পাঁচ মাস আগে বাংলাদেশ রেলওয়েতে ‘সেকেন্ড অফিসার’ হিসেবে মামুনের চাকরি হয়। এক মাস আগে সেখানে যোগদান করে সে। মামুন বিবাহিত। তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় গ্রামের বাড়িতে থাকে।

এ ঘটনার বিষয়ে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. তারেক হাসান প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনায় প্রেমিকা বিউটি আক্তারকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।’