
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার মো. আবদুস সালামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. বুলবুল আহমেদ আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ড শুনানির জন্য ২৪ মার্চ দিন ধার্য করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। প্রাথমিক তদন্তেও তাঁর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তবে অজ্ঞাতনামা অন্য আসামিদের নাম–ঠিকানা জানতে চাইলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। এ ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, পলাতক আসামিদের অবস্থান শনাক্ত এবং আসামির ব্যবহৃত মুঠোফোন ও ডিজিটাল যোগাযোগের তথ্য যাচাই করতে তাঁকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এর আগে ১৫ মার্চ সকাল ৭টায় রাজধানীর আগারগাঁও এলাকা থেকে আবদুস সালামকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারে বলা হয়, আবদুস সালাম দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় ব্যবহার করে আসছিলেন। এই ভুয়া পরিচয়ের আড়ালে তিনি অবৈধ আর্থিক লেনদেন, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগ–বাণিজ্যসহ নানা প্রতারণামূলক কর্মকাণ্ড চালান। তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ সরকারের বিভিন্ন পর্যায়ে পৌঁছালে তদন্ত শুরু হয়।