
দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেয়েদের লক্ষ্য করে তাঁদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করে বাণিজ্যিকভাবে বিক্রি করার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার ভোলা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মেরাজুর রহমান, বিল্লাল হোসেন, রবি আলম, আল আমিন ও হাসিব।
আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি বলেন, চক্রটি মূলত টেলিগ্রাম প্ল্যাটফর্ম ব্যবহার করে কার্যক্রম চালাত। তারা বিভিন্ন প্রাইভেট চ্যানেলের মাধ্যমে অর্থের বিনিময়ে স্পর্শকাতর ছবি ও ভিডিও সরবরাহ করত। এসব ছবি ও ভিডিও সংগ্রহের জন্য তারা ফেসবুক বা ব্যক্তিগত ডিভাইস হ্যাকিং, ব্রেকআপের পর প্রাক্তন প্রেমিকদের কাছ থেকে কনটেন্ট সংগ্রহ করে গোপন ছবি ফাঁস করত।
র্যাব জানায়, চক্রটির ব্যবহৃত মুঠোফোন থেকে প্রায় দেড় লাখ নগ্ন ও স্পর্শকাতর ছবি-ভিডিও এবং প্রায় ৩৫০টি গ্রুপ ও চ্যানেলের তথ্য পাওয়া গেছে।
এ ছাড়া পৃথক অভিযানে ১৪ এপ্রিল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর আন্ডারপাস এলাকায় একটি চীনা প্রকল্পে চীনা নাগরিককে কুপিয়ে জখম ও ডাকাতির ঘটনায় সাতজনকে লুণ্ঠিত মালামালসহ গ্রেপ্তার করেছে র্যাব।