
রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
এর আগে ওই মামলায় ২১ সেপ্টেম্বর হাইকোর্ট রায় দেন। রায়ে জেএমবির চার সদস্যের মৃত্যুদণ্ড বহাল রাখেন। ইছাহাক আলী নামের জেএমবির এক সদস্যকে খালাস দেন। অন্য কোনো মামলা না থাকলে তাঁকে মুক্তি দিতেও নির্দেশ দেওয়া হয়। ইছাহাক আলীর ক্ষেত্রে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে গত সপ্তাহে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে, যা আজ চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ, সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল জাকির হোসেন মাসুদ ও এম সাইফুল আলম।
পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ প্রথম আলোকে বলেন, ইছাহাককে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত। এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলা হয়েছে। হাইকোর্টের রায় স্থগিত হওয়ায় ইছাহাককে কারাগারেই থাকতে হচ্ছে।
ওই মামলায় বিচারিক আদালতের রায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড হয়েছিল। এরপর এ মামলায় ২১ সেপ্টেম্বর হাইকোর্ট রায় দেন। আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন), আপিল ও জেল আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্ট রায় দেন।
বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হলেন জেএমবির পীরগাছার আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী, জেএমবির সদস্য ইছাহাক আলী, লিটন মিয়া ওরফে রফিক, সাখাওয়াত হোসেন ও আহসান উল্লাহ আনসারী ওরফে বিপ্লব। তাঁদের মধ্যে ইছাহাক আলীকে হাইকোর্ট খালাস দিয়েছিলেন, যা আজ স্থগিত হলো। অন্য চারজনকে মৃত্যুদণ্ড দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রয়েছে। পাঁচ আসামির মধ্যে আহসান উল্লাহ আনসারী পলাতক। অন্য চার আসামি কারাগারে।
প্রায় সাত বছর আগে হত্যার ওই ঘটনায় করা মামলায় ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি রংপুরের বিশেষ জজ আদালত রায় দেন। রায়ে জেএমবির পাঁচ সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য বিচারিক আদালতের রায়সহ নথিপত্র ২০১৭ সালে হাইকোর্টে আসে, যা ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয়। অন্যদিকে রায়ের বিরুদ্ধে কারাগারে থাকা চার আসামি ২০১৭ সালে পৃথক আপিল ও জেল আপিল করেন। ডেথ রেফারেন্স, আসামিদের আপিল ও জেল আপিলের ওপর ১৯ সেপ্টেম্বর শুনানি শেষ হয়।
জাপানি নাগরিক হোশি কুনিও ২০১১ সালের ২৩ ডিসেম্বর বাংলাদেশে আসেন। তিনি রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে গবাদিপশুর খাদ্য হিসেবে উন্নত মানের ঘাসের চাষ করতেন। ২০১৫ সালের ৩ অক্টোবর ওই গ্রামে ৬৬ বছর বয়সী কুনিওকে গুলি করে হত্যা করা হয়।
ঘটনার দিন কাউনিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তির নামে হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ২০১৬ সালের ৩ জুলাই জেএমবির আট সদস্যের বিরুদ্ধে রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
একই বছরের ১৫ নভেম্বর সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগ গঠনের আগে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই আসামি নিহত হন। ফলে ছয় আসামির বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া চলে। বিচারিক আদালতের রায়ে পাঁচ আসামির মৃত্যুদণ্ড হয়। অপর আসামি আবু সাঈদ খালাস পান।