রাজধানীর বংশালে নিজ বাসা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তৌশিক আহামেদ (২৬) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বিকেল সোয়া চারটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বংশালে তাঁদের পারিবারিক হার্ডওয়্যার সরঞ্জামের ব্যবসা রয়েছে। তিনি নবাবপুর রোডে পরিবারের সঙ্গে থাকতেন। তাঁর বাবার নাম আনোয়ার হোসেন।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। পরিবারকে থানায় এসে অপমৃত্যুর মামলা করতে বলেছি। মামলার পর পুলিশ তদন্ত করে দেখবে, কী কারণে ওই ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।’
তৌশিকের ভাই রিফাত আহামেদ জানান, কয়েক দিন আগে তৌশিকের স্ত্রী বাবার বাড়িতে যান। ঘটনার সময় তিনি নিজ কক্ষে একাই ছিলেন। দুপুরে তাঁকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে দেখেন, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি ঝুলছেন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।