প্রতারণার মাধ্যমে প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগে মো. তৈয়বুর রহমান নামের সরকারি আবাসন পরিদপ্তরের একজন উচ্চমান সহকারীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে থেকে তৈয়বুর রহমানকে গ্রেপ্তার করে দুদকের উপপরিচালক ইয়াছির আরাফাতের নেতৃত্বে একটি দল। তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন আবাসন পরিদপ্তরের এই কর্মচারীর বিরুদ্ধে কমিশনের মামলা করার অনুমোদন দেওয়ার তথ্য দিয়েছেন দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম। তিনি বলেন, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে এবং দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তার সই জাল করে প্লট বরাদ্দসহ নানা অবৈধ কর্মকাণ্ডে তৈয়বুর রহমানের জড়িত থাকার অভিযোগ রয়েছে।