বাংলাদেশ পুলিশ
বাংলাদেশ পুলিশ

কর্মকর্তাদের নাম ভাঁড়িয়ে প্রতারণা বেড়েছে, সতর্ক করল পুলিশ

পুলিশসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিদের নাম-পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার ঘটনা বেড়েছে বলে জানিয়েছে পুলিশ। এসব ভুয়া পরিচয় ব্যবহার করে অর্থ দাবি এবং বিভিন্ন ধরনের তদবির করা হচ্ছে। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারক চক্র পুলিশসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা পাঠিয়ে অর্থ দাবি করছে এবং নানা ধরনের তদবির করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে একদিকে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের মর্যাদাও ক্ষুণ্ন হচ্ছে।

পুলিশ সদর দপ্তর জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো আইডিতে সরকারি কর্মকর্তার ছবি বা পরিচয় থাকলেই সেটি ওই কর্মকর্তার প্রকৃত আইডি বা ব্যবহৃত মোবাইল নম্বর—এমনটি ধরে নেওয়ার সুযোগ নেই। তাই এ ধরনের বার্তা পেলে কোনোভাবেই সাড়া না দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

কেউ এ ধরনের প্রতারণামূলক বার্তা পেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন অথবা সাইবার পুলিশ সেন্টার, সিআইডি এবং ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে পুলিশ।

পুলিশ সদর দপ্তর আরও জানায়, এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।