
বৃদ্ধ আলী হোসেনের একার আয়ে ঠিকমতো সংসার চলছিল না। তাই ঋণ নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা কেনেন তিনি। এটিকে অবলম্বন করে পরিবারকে নিয়ে ভালোভাবে বাঁচার চেষ্টা করছিলেন আলী হোসেন। কিন্তু ছিনতাইকারীরা তাঁকে বাঁচতে দিল না।
যাত্রীবেশে ছিনতাইকারীরা আলী হোসেনের অটোরিকশায় উঠে সেটি ছিনিয়ে নিতে তাঁকে ধাক্কা মেরে অটোরিকশা থেকে ফেলে হত্যা করেছে। গতকাল বুধবার গভীর রাতে রাজধানী ডেমরার মদিনা চত্বরে এ ঘটনা ঘটে। জনতা ঘটনাস্থল থেকে আল আমিন নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, আলী হোসেন দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার শহীদ নগরে থাকতেন। অভাব–অনটনের সংসারে পরিবারের সদস্যদের নিয়ে একটু ভালোভাবে বাঁচতে ধারদেনা করে অটোরিকশা কিনেছিলেন। সংসারের খরচ জোগানোর পাশাপাশি ঋণের কিস্তি পরিশোধ করতে আলী হোসেনের ছেলে আবু ইউসুফ সকাল থেকে বিকেল পর্যন্ত এবং এরপর থেকে গভীর রাত পর্যন্ত বৃদ্ধ আলী হোসেন নিজেই অটোরিকশা চালাতেন।
সংসারের খরচ জোগানোর পাশাপাশি ঋণের কিস্তি পরিশোধ করতে আলী হোসেনের ছেলে আবু ইউসুফ সকাল থেকে বিকেল পর্যন্ত এবং এরপর থেকে গভীর রাত পর্যন্ত বৃদ্ধ আলী হোসেন নিজেই অটোরিকশা চালাতেন।
এদিকে আটক আল আমীনের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশের ডেমরা অঞ্চলের সহকারী কমিশনার মধুসূদন দাস আজ বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে বলেন, গতকাল দিবাগত রাত দুইটার দিকে মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে ডেমরায় যাওয়ার কথা বলে চার ব্যক্তি যাত্রীবেশে আলী হোসেনের অটোরিকশায় ওঠে। অটোরিকশাটি নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা পার হয়ে ডেমরার অ্যাভিনিউ-১ মদিনা চত্বরে প্রবেশ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা অটোরিকশা থামাতে বলে নেমে পড়ে। এরপর আলী হোসেনকে মারধর করে তারা।
মধুসূদন দাস বলেন, চালকের আসনে বসা আলী হোসেন মারধরের একপর্যায়ে চিৎকার করলে তাঁর মুখে স্কচটেপ লাগিয়ে দেয় ছিনতাইকারীরা। পরে তাঁকে অটোরিকশা থেকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। ছিনতাইকারীরা অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজন আল আমিনকে আটক ও অটোরিকশাটি জব্দ করেন। জনতা আল আমিনকে গণধোলাই দেন। খবর পেয়ে ডেমরা থানা–পুলিশ এসে জনরোষ থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। থানা চত্বরে নিয়ে যাওয়া হয় অটোরিকশাটি।পুলিশ কর্মকর্তা মধুসূদন বলেন, প্রথমে আলী হোসেনের পরিচয় পাওয়া যায়নি। পরে তাঁর জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডারে সংরক্ষিত আঙুলের ছাপ মিলিয়ে পরিচয় শনাক্ত করা হয়। এরপর তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। অটোরিকশাচালককে হত্যায় জড়িত বাকি তিনজনের নাম-ঠিকানা পাওয়া গেছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।
চালক আলী হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ওই ঘটনায় হত্যা মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
এদিকে অটোরিকশাচালক আলী হোসেনের মেয়ে খাদিজা আক্তার আজ বিকেলে প্রথম আলোকে বলেন, গতকাল রাতে তাঁর বাবা বাসায় ফিরে আসেননি। ওই রাত থেকে তাঁর মুঠোফোনও বন্ধ ছিল।