বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন

বায়তুল মোকাররমে ইমামকে মারধরের মামলায় সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ড

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের খুতবা পাঠের সময় দায়িত্বপ্রাপ্ত ইমামকে মিম্বার থেকে টেনে–হিঁচড়ে নামিয়ে মারধর এবং মুসল্লিদের ওপর হামলার অভিযোগে করা মামলায় সাবেক খতিব মুফতি রুহুল আমিনের (৬০) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. হাবিবুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মুফতি রুহুল আমিনকে গ্রেপ্তারের পর এদিন আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনে বলা হয়, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে বায়তুল মোকাররম মসজিদের নিচতলায় জুমার নামাজের খুতবা পাঠ করছিলেন ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত ইমাম মুফতি আবু সালেহ পাটোয়ারী। এ সময় মুফতি রুহুল আমিন এজাহারনামীয় অন্য আসামিদের নিয়ে মসজিদে প্রবেশ করেন। তাঁরা ইমামকে মিম্বার থেকে টেনে–হিঁচড়ে নামিয়ে আঘাত করেন এবং তাঁর হাত থেকে মাইক কেড়ে নেন।

সিআইডির আবেদনে আরও বলা হয়, ঘটনার সময় উপস্থিত মুসল্লিরা তাঁদের থামানোর চেষ্টা করেন। একপর্যায়ে রুহুল আমিনের নির্দেশে মামলার দুই নম্বর আসামি হাতে থাকা লোহার রড দিয়ে মামলার বাদী হাফেজ মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমানের ডান চোখে আঘাত করেন। এতে তাঁর চোখের নিচে গুরুতর রক্তাক্ত জখম হয় এবং তিনি ডান চোখে দেখতে পাচ্ছিলেন না। অন্য আসামিরাও বাদীর শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন। এতে বাদীসহ ৫০ থেকে ৬০ জন মুসল্লি আহত হন বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বাদীর পকেটে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া এবং মসজিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতিসাধনের অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।

সংঘর্ষের পেছনের পরিকল্পনা ও উদ্দেশ্য, অপরাধ সংঘটনে আর্থিক লেনদেন হয়েছিল কি না, কোনো ব্যক্তি বা দলের প্ররোচনা ছিল কি না এবং হামলায় জড়িত ও নেতৃত্বদানকারীদের পরিচয় জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। পল্টন থানায় দায়ের করা ওই মামলায় মুফতি রুহুল আমিনসহ আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৪২৭, ১১৪ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর পল্টন থানায় মামলাটি দায়ের করেন জিয়াউর রহমান।

শুনানিতে রিমান্ড আবেদনের পক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী আদালতকে বলেন, ‘বায়তুল মোকাররম আমাদের জাতীয় মসজিদ; কিন্তু এই পবিত্র স্থানকে এই আসামি দলীয়করণ করে ফেলেছিলেন। সেদিন মসজিদে মুফতি সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন। সেই সময় এই রুহুল আমিন তাঁকে মারধর ও জখম করেন এবং হত্যার উদ্দেশ্যে আঘাত করেন। বাদী হাফেজ মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান তাঁদের নিবারণ করার চেষ্টা করলে তাকেও হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়। তাঁরা পাঞ্জাবির মধ্যে লুকিয়ে লোহার রড নিয়ে যান।’

পিপি আরও দাবি করেন, রুহুল আমিন ৫ আগস্টের পর পলাতক হয়ে যান এবং ওলামা লীগের নামে ফ্যাসিস্ট হাসিনার সময়ে নির্বাচন করতে চেয়েছিলেন। পতিত সরকারের নির্দেশে তিনি নাশকতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন—গোয়েন্দারা এমন তথ্য পেয়ে তাঁকে গ্রেপ্তার করেছেন বলে জানান পিপি। তাঁর সঙ্গে আর কারা জড়িত ও কাদের সঙ্গে যোগাযোগ করেন, তা জানার জন্য রিমান্ড প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

আসামিপক্ষের আইনজীবী এসব বক্তব্যের বিরোধিতা করে বলেন, ‘ঘটনা ঘটেছে—এটা সত্য, কিন্তু পিপি সাহেবের এসব বক্তব্য সত্য নয়। আসামি রুহুল আমিন সাহেব সেদিন আক্রমণকারীদের থামানোর চেষ্টা করেন। তিনি নিজে হামলা করেননি, কোনো নেতৃত্বও দেননি। আর সেদিন ঘটনার সময় খুতবা চলছিল না, তখন বয়ান চলছিল। রুহুল আমিনের বিরুদ্ধে রিমান্ডে নেওয়ার মতো সুস্পষ্ট কোনো কারণ নেই। তিনি জামিন পাওয়ার হকদার।’ আসামির রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন জানান ওই আইনজীবী।

এ সময় আসামিপক্ষে আরেকজন আইনজীবী বলেন, ‘উনি সর্বদা জামায়াতের বিরুদ্ধে সরব, এ জন্য কিছু মানুষ ওনার পেছনে লেগেছে। উনি এশিয়া মহাদেশের বিখ্যাত এক আলেমের সন্তান।’ শুনানি শেষে আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা এলাকার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। রুহুল আমিনের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। তিনি ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম মসজিদের খতিব ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান।

তবে এর প্রায় দেড় মাস পর ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররমে যান তিনি। ওই দিন তাঁর অনুসারীদের সঙ্গে অপর পক্ষের সংঘর্ষ হয়। পরে ২২ সেপ্টেম্বর তাঁকে খতিব পদ থেকে অপসারণ করা হয়।

রুহুল আমিন কওমি মাদ্রাসা অঙ্গনে আওয়ামী লীগপন্থী আলেম হিসেবে পরিচিত। তিনি কওমি মাদ্রাসা শিক্ষা সনদের স্বীকৃতি দেওয়ার জন্য ২০১৮ সালের ৪ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘শোকরানা মাহফিলে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে আলোচনায় এসেছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল–১ আসনে আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে এলাকায় পোস্টারও লাগিয়েছিলেন।