যাত্রাবাড়ী থানা
যাত্রাবাড়ী থানা

এবার যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, অটোচালক আহত

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থানার প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণের মধ্যে কাছের এলাকা যাত্রাবাড়ী চৌরাস্তায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে আরও তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ককটেল বিস্ফোরণে একজন অটোরিকশাচালক আহত হয়েছেন। কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে যাত্রাবাড়ী থানায় কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর প্রথম আলোকে বলেন, থানার প্রধান ফটকের সামনে বিস্ফোরণের শব্দ শোনা যায়। কোথা থেকে বিস্ফোরণ ঘটানো হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত নন তাঁরা। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। তাঁরা তদন্ত করে দেখছেন প্রকৃত ঘটনা কী।

এ ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভ্যন্তরীণ একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকসংলগ্ন এলাকায় একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তারপর সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে যাত্রাবাড়ী চৌরাস্তা ট্রাফিক পুলিশ বক্সের সামনে পরপর আরও তিনটি ককটেল বিস্ফোরণ হয়। ফ্লাইওভার থেকে এসব ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু প্রথম আলোকে বলেন, ককটেল বিস্ফোরণে একজন অটোরিকশা চালক আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে দুপুর থেকে রাজধানীর আরও তিনটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে দুপুরে জুমার নামাজের পর মালিবাগের সোহাগ বাস কাউন্টারের সামনে ২টি, সন্ধ্যা সোয়া ৬টার দিকে আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে ১টি এবং সাড়ে ৬টার দিকে মহাখালী এলাকায় একটি ককটেল বিস্ফোরণ হয়। মালিবাগ ও মহাখালী এলাকায় ফ্লাইওভারের ওপর থেকে নিচে ককটেল ছোড়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গত মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড ঘোষণা করে রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এর কয়েক ঘণ্টা পর সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ওই দিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।