ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত

সেলিম প্রধান, সুব্রত বাইনের সহযোগী দীপুকে গ্রেপ্তার দেখানোর আদেশ আদালতের

জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর ভাটারা থানায় হত্যাচেষ্টা এবং বাড্ডা থানায় বাসে আগুন দেওয়ার পৃথক দুই মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ও মেহেদী হাসান দীপুকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। পুলিশের নথিতে দীপুকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মো. এহসানুল ইসলাম আজ সোমবার পুলিশের পৃথক দুই আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক কামাল হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় সেলিম প্রধানকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক জ্যোতির্ময় মণ্ডল। মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাদানী অ্যাভিনিউয়ের নতুন বাজার এলাকায় এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তিনি তখন পানি বিশুদ্ধকরণ যন্ত্র মেরামতের কাজে ফরাজী হাসপাতালের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পরে আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে অস্ত্রোপচার করা হয়।

পুলিশের আবেদনে বলা হয়, তদন্তে এই ঘটনায় সেলিম প্রধানের সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। ঘটনার আগে তাঁকে ঘটনাস্থলের আশপাশে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখা গেছে বলেও আবেদনে উল্লেখ করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা জ্যোতির্ময় মণ্ডল প্রথম আলোকে বলেন, সেলিম প্রধান মামলার এজাহারভুক্ত আসামি নন। তবে তদন্তে এ ঘটনায় তাঁর সম্পৃক্ততা পাওয়া গেছে।

অন্যদিকে বাড্ডা থানার মামলায় মেহেদী হাসান দীপু ওরফে বিপুকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. হাফিজুর রহমান। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১৪ ডিসেম্বর রাতে উত্তর বাড্ডা এলাকায় ১০-১২ জন অছিম পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশের আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে এই ঘটনায় দীপুর জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। মামলার তদন্ত কর্মকর্তা হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, দীপু এই মামলার সন্দেহভাজন আসামি। তবে মামলার বাদীর নাম এই মুহূর্তে তিনি জানাতে পারেননি।