আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোট আসামি ৪৫৭ জন, গ্রেপ্তার ১৬১

আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম ও খুন এবং জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলায় ৪৫৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার আছেন ১৬১ আসামি, পলাতক ২৯৩ জন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আজ সোমবার এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানান।

চিফ প্রসিকিউটর বলেন, পুনর্গঠিত ট্রাইব্যুনালে বর্তমানে বিবিধ মামলা বা মিস কেসের সংখ্যা ৩৪। আর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে ২৪টি মামলায়।

আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা মামলাগুলোর মধ্যে তিনটির রায় ঘোষণা করা হয়েছে। সেই তিন রায়ে ২৬ জনকে সাজা দেওয়া হয়েছে এবং একজনকে ক্ষমা করা হয়েছে। বাকি ২১টি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা মামলা চলমান আছে।

তাজুল ইসলাম বলেন, মামলায় মোট আসামি ৪৫৭ জন। এর মধ্যে গ্রেপ্তার আছেন ১৬১ জন, পলাতক আসামির সংখ্যা ২৯৩, জামিনে আছেন ১ জন আসামি, খালাস পেয়েছেন ১ জন এবং মারা গেছেন ১ আসামি।

মামলায় গ্রেপ্তার আসামিদের মধ্যে সাবেক মন্ত্রী, সংসদ সদস্যসহ বেসামরিক লোক ৭৪ জন, ২০ জন সেনাসদস্য। পুলিশের ৬৫ জন এবং আনসারের ১ সদস্য গ্রেপ্তার রয়েছেন বলে জানান চিফ প্রসিকিউটর।