
দুই প্রজাতির বিষধর সাপ পাওয়া গেছে কর্ণফুলী নদীর মোহনা থেকে ৮৮ কিলোমিটার উজানে। অথচ উপকূলের অগভীর সমুদ্র, ম্যানগ্রোভ বনসংলগ্ন জলাভূমি বা নদীর মোহনা এ সাপের মূল বিচরণক্ষেত্র। ‘বিকড সি স্নেক’ ও ‘রাসেলস সি স্নেক’ নামের এই দুই প্রজাতির সাপই বিষধর ও প্রাণঘাতী বলে জানিয়েছেন গবেষকেরা।
লবণাক্ত, আধা লবণাক্ত পানিতে এদের বসবাস। সাগরের উপকূলীয় এলাকা ও ম্যানগ্রোভ বনসংলগ্ন জলাভূমিতে এরা সচরাচর বিচরণ করে থাকে। সেই চেনা আবাস বদলে বিষধর সামুদ্রিক সাপ ঢুকে পড়ছে নদীর গভীরে। সম্প্রতি এ ধরনের দুই প্রজাতির বিষধর সাপ পাওয়া গেছে কর্ণফুলী নদীর মোহনা থেকে ৮৮ কিলোমিটার উজানে।
মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়ে সীতা পাহাড় আর রাম পাহাড় ভেদ করে কাপ্তাই জাতীয় উদ্যানের পাশ ঘেঁষে, রাঙ্গুনিয়া পাড়ি দিয়ে কর্ণফুলী নদী গিয়ে মিশেছে বঙ্গোপসাগরের মোহনায়। সাপের নতুন প্রজাতির সন্ধানে নেমে কাপ্তাই জাতীয় উদ্যান–সংলগ্ন কর্ণফুলী নদীর অংশে বিষধর এ দুটি সাপের অস্তিত্ব পেয়েছে একদল গবেষক। কাপ্তাই জাতীয় উদ্যান ও রাঙ্গুনিয়ার দুধপুকুরিয়া–ধোপাছড়ি বনে এ জরিপ চালান গবেষকেরা।
গবেষকদের সন্ধান পাওয়া সাপ দুটি ‘বিকড সি স্নেক’ ও ‘রাসেলস সি স্নেক’। দুই প্রজাতির সাপই বিষধর ও প্রাণঘাতী বলে জানিয়েছেন গবেষকেরা।
বন বিভাগের তৈরি করা বাংলাদেশে সরীসৃপ ও উভচর প্রাণীর লাল তালিকায় বিকড সি স্নেকের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে অত্যন্ত বিষধর হিসেবে। এই প্রজাতির সাপের নাকের আকৃতির কারণে বাংলায় এটাকে ‘বরশিনাক’ সাপ বলা হয়। এ সাপ ৪ ফুট ৭ ইঞ্চি (১৪০ সেন্টিমিটার) পর্যন্ত দীর্ঘ হতে পারে। এ সাপে নিউরোটক্সিন ও মায়োটক্সিন নামের বিষ থাকে, যা মানুষের পেশির কোষকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। উপকূলের অগভীর সমুদ্র, ম্যানগ্রোভ বনসংলগ্ন জলাভূমি বা নদীর মোহনা এ সাপের মূল বিচরণক্ষেত্র।
ডিসেম্বর থেকে মার্চ—এ চার মাস শুষ্ক মৌসুম। এ সময় এ ধরনের সাপ নদীতে পাওয়া যায়।...জোয়ারের সঙ্গে লবণাক্ততাও নদীর অনেক গভীরে চলে আসে। সঙ্গে আসে সামুদ্রিক সাপও।মনজুরুল কিবরিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও হালদা গবেষক
রাসেলস সি স্নেক সম্পর্কে ন্যাশনাল পার্ক স্পেশিজ অব থাইল্যান্ডের ওয়েবসাইটে বলা হয়েছে, রাসেল সি স্নেক সাপটি থাইল্যান্ড, মিয়ানমার, ভারত ও বাংলাদেশের সাগর উপকূলীয় এলাকায় পাওয়া যায়। একে বিষধর উল্লেখ করে বলা হয়, এই সাপ ফুসফুসের সাহায্যে শ্বাস নেয় বলে প্রায়ই পানির ওপরে উঠতে হয়।
‘বিকড সি স্নেক’ ও ‘রাসেলস সি স্নেক’–এর সন্ধান পাওয়া গবেষক দলে আছেন বন অধিদপ্তরের বাংলাদেশ ওয়াইল্ডলাইফ সেন্টারের সর্পবিদ মো. সোহেল রানা, চীনের নানজিন ফরেস্ট্রি ইউনিভার্সিটির ল্যাবরেটরি অব অ্যানিমেল বিহেভিয়ার অ্যান্ড কনজার্ভেশনের গবেষক সজীব বিশ্বাস, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আলাবামার স্টোকস স্কুল অব মেরিন অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের মাহি ওয়াসিম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আশীষ দত্ত।
গবেষকেরা তাঁদের এই গবেষণায় নতুন চারটি প্রজাতির সাপও তালিকাভুক্ত করেন। ১৮ নভেম্বর গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘ইকোলজি অ্যান্ড ইভোল্যুশনে’।
কী বলছেন গবেষকেরা
গবেষণা দলের সদস্য সোহেল রানা প্রথম আলোকে বলেন, ‘জেলেদের সঙ্গে পাঁচটি দলভিত্তিক আলোচনা হয়েছিল। তখন মাছ ধরতে গেলে জালে নিয়মিত এসব সাপ ধরা পড়ার কথা তাঁরা জানিয়েছিলেন। আমরা তাঁদের সেসব সাপ সংরক্ষণ করতে বলি। পরে আমরা সাপগুলো সংগ্রহ করে দেখি এর একটি বিকড সি স্নেক ও আরেকটি রাসেলস সি স্নেক।’
সোহেল রানা বলেন, ‘কর্ণফুলী নদীর যে অংশে এ সাপ দুটি পাই, সেটা কর্ণফুলী নদীর মোহনা থেকে প্রায় ৮৮ কিলোমিটার দূরে। এ সাপ কীভাবে উজানের এ জায়গাটায় আসল, সেটা নিয়ে আরও বিস্তৃত গবেষণা হওয়া দরকার।’
উল্লেখ্য, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, কর্ণফুলী নদীর দৈর্ঘ্য ১৬১ কিলোমিটার।
আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী সায়েন্স অব মেডিসিনে ২০২৩ সালে প্রকাশিত ‘ইমপ্লিমেন্টেশন অব ইকোলজিক্যাল ডিস্ট্রিবিউশন অব ভেনামাস স্নেক ফর ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব স্নেকবাইটস ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণার তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর সাত লাখ সাপের কামড়ের ঘটনা ঘটে। এর মধ্যে ৬ হাজার মানুষ প্রাণ হারায়। একই গবেষণায় বাংলাদেশে বিষধর সাপের ৬৫ প্রজাতি রয়েছে বলে উল্লেখ করা হয়।
লবণাক্ত ও আধা লবণাক্ত পানির সামুদ্রিক সাপ কেন মিঠাপানির নদীর এত উজানে চলে আসছে, সেটার ব্যাখ্যা পাওয়া যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক হালদা গবেষক মনজুরুল কিবরিয়ার কাছে। তিনি প্রথম আলোকে বলেন, ‘হালদা নদীতে লবণাক্ততা কতটুকু ছড়িয়েছে, জানতে আমরা একটি গবেষণা করি ২০২০ সালের দিকে। তখন হালদা নদীতে বিষাক্ত সামুদ্রিক সাপ বেলচার স্নেকের অস্তিত্ব পাই। এটা দিয়ে আমরা বুঝতে পারি হালদা নদীর কত গভীরে লবণাক্ততা ছড়াচ্ছে।’
শুষ্ক মৌসুমে সামুদ্রিক বিষাক্ত সাপ নদীতে প্রবেশ করে জানিয়ে মনজুরুল কিবরিয়া বলেন, ডিসেম্বর থেকে মার্চ—এ চার মাস শুষ্ক মৌসুম। এ সময় এ ধরনের সাপ নদীতে পাওয়া যায়। এ চার মাস কাপ্তাই বাঁধের টারবাইন বন্ধ থাকে। ফলে উজান থেকে পানির প্রবাহ কমে যায়। অন্যদিকে জোয়ারের সঙ্গে লবণাক্ততাও নদীর অনেক গভীরে চলে আসে। সঙ্গে আসে সামুদ্রিক সাপও।