
বর্ষার পর শালবনে শরৎ নেমেছে। টাঙ্গাইলের সখীপুরের নলুয়া বাজার থেকে বেড়বাড়ি বাজারে যাওয়ার পথে রাস্তার দুই পাশে থাকা সবুজ শালবন দেখে চোখ জুড়িয়ে যায়। শালবনের ফাঁকে ফাঁকে বাইদ, আমন ধানের সবুজ খেত। বর্ষার পানি পেয়ে শালগাছ আর ধানগাছ যেন আরও বেশি সবুজ হয়ে উঠেছে।
পাহাড় কাঞ্চনপুর বিমানঘাঁটি আসতেই চোখটা আটকে গেল শালগাছের মাথায়। অজস্র ছোট ছোট কদমের মতো ফুল ফুটে শালগাছের মাথাকে সালংকার করে তুলেছে। কিন্তু সেসব ফুল দেখার জন্য কাছে যাওয়ার উপায় নেই, ঘাঁটির ভেতরে প্রবেশ নিষেধ। তাই আক্ষেপ নিয়েই পার হতে হলো জায়গাটুকু। একটু পরই পড়ল বেড়বাড়ি খন্দকারপাড়ায় ঢোকার রাস্তাটা। সে রাস্তার কোলেই শালবনে ফুটে আছে সেই ফুল।
এবার তো আর নিষেধের তারকাঁটা নেই, তাই নেমে পড়লাম সেখানে। ছোট্ট সেই ফুলগুলোর আকর্ষণে এদিক–সেদিক না তাকিয়ে ছুটে গেলাম ওগুলোর কাছে। কিন্তু সেখানেও প্রকৃতির বাধা। ফুলগুলো যে গাছে ফুটে রয়েছে, সে গাছগুলোর লতানো ডালপালা ঘন ও তীক্ষ্ণèকাঁটায় ভরা। এমন কাঁটা যে খুব কাছে যেতেই জামাকাপড় খামচে ধরল। কাঁটার হাত থেকে জামা ছাড়ানোই মুশকিল। তবু তা সহ্য করে কিছু ছবি তুললাম ফুলগুলোর। অনেকগুলো প্রজাপতি ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে মধুর লোভে।
কী নাম গাছগুলোর? পথেই দেখা হলো সেই গ্রামের মকবুল হোসেনের সঙ্গে। তিনি গাছটার নাম বললেন তেওড়াকাঁটা। সার্থক নাম। এ রকম ত্যাড়া ত্যাড়া হুকের মতো কাঁটায় ভরা গাছের এমন একটা নাম না হলে কি চলে! বিড়ালের নখের মতো বাঁকানো শক্ত কাঁটা সব গাছের গোড়া থেকে আগা পর্যন্ত ভরে আছে। পাতাগুলো কৃষ্ণচূড়া পাতার মতো, ডাল থেকে একটার পর একটা পর্যায়ক্রমে বিপরীতমুখীভাবে কোমল সবুজ পাতা বেরিয়েছে।
পাতার ডাঁটির দুই পাশে সাজানো খুদে খুদে পত্রফলক। পাতার কোল থেকে একটি ডাঁটিতে সাজানো ফুলের মঞ্জরি। মঞ্জরির গোড়ার দিকের ঘিয়ে সাদা রঙের ফুলগুলো ফুটেছে। দেখতে একটি ছোট্ট কদম ফুলের মতো হলেও তা আসলে অনেকগুলো ফুলের সমষ্টি। মঞ্জরির মাথার দিকে কুঁড়িগুলো বুটের দানা আকারের, মেরুন রঙের, দেখতে অনেকটা রসকদম মিষ্টির মতো। ঘিয়ে ফুলের সঙ্গে মেরুন কুঁড়ি, অপূর্ব রঙের মিল। শরতের প্রথম দিকে মাত্র কয়েক দিনই ফুল ফোটে।
জানা গেল, প্রায় সাড়ে চার হাজার বছর আগে প্রাক্-হরপ্পা যুগেও এর বীজ চুলের যত্নে শ্যাম্পুর মতো ব্যবহার করা হতো। এ জন্য এর ফলকে ইংরেজিতে বলা হয় সোপ নাট। অন্য নাম বনরিঠা, লাটবাবুল, কুচাই, ধনরিঠা ইত্যাদি। দুজন আমেরিকান উদ্ভিদতত্ত্ববিদ লর্ড ব্রাইটন ও নেলসন রোজ ১৯২৮ সালে প্রথম এ গাছের বর্ণনা দেন, যেখানে এর উদ্ভিদতাত্ত্বিক নাম উল্লেখ করা হয় Acacia coccinna, পরিবার মাইমোসাসি। অবশ্য ২০১৫ সালে এর নতুন প্রজাতিগত নাম দেওয়া হয়েছে সেনেগালিয়া রুগাটা, পরিবার ফ্যাবেসি।
এ দেশে শালবনে কাষ্ঠল লতানো স্বভাবের এ গাছ দেখা যায়। বীজে স্যাপোনিন নামের রাসায়নিক উপাদান থাকায় তা সাবান বা শ্যাম্পুর মতো কাজ করে। ভারতে এর বীজ থেকে তৈরি ‘শিকাকাই’ বাজারে বিক্রি হয়। শিকাকাই এ গাছের তামিল নাম। থাইল্যান্ডে এর কচি পাতা ও ডগা খাওয়া হয়, পাতার স্বাদ টক। কম্বোডিয়ায় এর কচি পাতা সালাদে খাওয়া হয়। এ গাছের কিছু ঔষধি গুণও আছে। আর মকবুল হোসেন কিনা বললেন, এগুলো হলো অকম্মা গাছ! এ গাছ সহজে বিনাশ করা যায় না, আবার কোনো কামেও লাগে না। গাছ বাইতে বাইতে অনেক দূর পর্যন্ত চলে যায়।
মৃত্যুঞ্জয় রায়, কৃষিবিদ ও প্রকৃতিবিষয়ক লেখক