
জাতীয় সংসদে সমানুপাতিক সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিত্ব না থাকায় হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের চিত্র উঠে আসে না। হামলা-মামলার বিচার হয় না। তাই আগামী দিনে দেশের হিন্দু সম্প্রদায় ভোট দিতে গেলে ১০০ বার চিন্তাভাবনা করবে।
আজ শনিবার দুপুরে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চ মিলনায়তনে জাতীয় হিন্দু সম্মেলনে এসব কথা বলেছেন নেতারা। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এ আয়োজন করে। এ সময় জাতীয় সংসদে হিন্দু সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানানো হয়।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। তিনি তাঁর বক্তব্যে দেশের সংবিধান থেকে সাম্প্রদায়িকতার ছাপ দূর করা এবং সাম্প্রতিক হামলার ঘটনায় হওয়া সব মামলা নিষ্পত্তির দাবি জানান। বলেন, ‘পূজার সময় মাঝেমধ্যে এদিকে-ওদিকে সাম্প্রদায়িক হামলা হয়ে যায়। আমি দুঃখিত এ জন্য, যে মামলাগুলো হয়েছে, সেসব এখনো নিষ্পত্তি হয়নি। এই দীর্ঘসূত্রতা আমাকে লজ্জা দেয়। সরকারের কাছে এই বলে আহ্বান জানাব যে মামলাগুলোর দ্রুত চার্জশিটের মধ্য দিয়ে দোষীদের বিচার করবেন।’ তিনি এপাড়া–ওপাড়া ভুলে সব পাড়াকে মানুষ হিসেবে বাঙালির বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, জনগণের ভোট নিতে হলে জনগণের কাছে যেতে হবে। আগামী দিনে দেশের হিন্দু সম্প্রদায় ভোট দিতে গেলে ১০০ বার চিন্তাভাবনা করবে। আগের মতো প্রতীক দেখে ভোট দেবে, সেই দিন শেষ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি বিধান বিহারী গোস্বামী বলেন, ‘সংসদে সংখ্যানুপাতে আসন চাই। আমরা যদি সংসদে গিয়ে আমাদের কথা বলতে না পারি, তাহলে আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারব না।’
ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সহসভাপতি ও সংসদ সদস্য দিলীপ ঘোষ অনলাইনে যুক্ত হয়ে অনুষ্ঠানে বক্তব্য দেন। তিনি বলেন, ‘ভারতবর্ষ ও বাংলাদেশ দুটি আলাদা দেশ হলেও, দুটি আলাদা শরীর হলেও আমাদের মন কিন্তু এক। তাই এ পাশে কোনো সমস্যা হলে আপনাদের কষ্ট হয়, ও পাশে কোনো সমস্যা হলে আমাদেরও কষ্ট হয়। ওপারে যখন কিছু দুর্বৃত্ত লোকের কারণে সমস্যা হয়, তাতে বাংলাদেশের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়।
আগামী দিনগুলোয় বাংলাদেশের কোনো হিন্দু সম্প্রদায়ের একজন মানুষের কিছু হলে ঝাঁপিয়ে পড়বেন উল্লেখ করে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। তিনি বলেন, ‘দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অটুট বন্ধন হয়েছে। এ জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির ঐক্যে চিড় ধরাতে দেব না।’
বাংলাদেশ-ভারতের সম্পর্ক অটুট থাকবে, এমন আশা ব্যক্ত করে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সালমা ইসলাম বলেন, ‘আজকের এই সম্মেলনে অনেক দাবি উত্থাপিত হয়েছে। আপনাদের বুকভরা বেদনা আছে, তা আমার জানা ছিল না। কথা দিলাম, সংসদে আপনাদের দাবি তুলে ধরব।’
কলকাতার গণমাধ্যম দৈনিক আজকালের জ্যেষ্ঠ প্রতিবেদক তরুণ চক্রবর্তী বলেন, ‘বাংলাদেশ ভারতের শুধু বন্ধু নয়, আত্মীয়। তাই যখন দেখি বাংলাদেশের কোনো মানুষ আক্রান্ত হচ্ছে, বাংলাদেশের কোনো মন্দির বা মসজিদে আক্রমণ হচ্ছে, তখন আমাদের কষ্ট লাগে। আমার বিশ্বাস, আপনাদেরও তা–ই হয়। বেশির ভাগ মানুষ ভালো চাইলেও কিছু অসাধু মানুষ ভালো চায় না। তারা কোনো ধর্মের বলে মনে করি না, তারা দুর্বৃত্ত।’