সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট

নিউমুরিং কনটেইনার টার্মিনাল

চুক্তি প্রক্রিয়ার বৈধতার রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি কাল

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তি–সম্পর্কিত চলমান প্রক্রিয়া নিয়ে রিট খারিজ (রুল ডিসচার্জ) করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার দিন রেখেছেন আপিল বিভাগ। বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ সোমবার এই দিন নির্ধারণ করেন।

এর আগে রিটের বিষয়ে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বিভক্ত রায় দেন। এরপর হাইকোর্টের একক বেঞ্চ গত ২৯ জানুয়ারি রিট খারিজ (রুল ডিসচার্জ) করে রায় দেন। এর মধ্য দিয়ে হাইকোর্টে সংখ্যাগরিষ্ঠ মতে রিট খারিজের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

একক বেঞ্চের রায় ঘোষণার পর গত ২৯ জানুয়ারি আপিল বিভাগে আবেদন করে রিট আবেদনকারী পক্ষ। এতে চুক্তি–সম্পর্কিত প্রক্রিয়ায় স্থিতাবস্থা চাওয়া হয়। শুনানি নিয়ে সেদিন চেম্বার আদালত ‘নো অর্ডার’ দেন। পাশাপাশি নিয়মিত লিভ টু আপিল করতে বলেন।

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রিট আবেদনকারী পক্ষ লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করে। লিভ টু আপিলটি চেম্বার আদালতের ৩ ফেব্রুয়ারির কার্যতালিকায় ওঠে। সেদিন আদালত লিভ টু আপিলটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ৯ ফেব্রুয়ারি শুনানির জন্য পাঠান। আজ লিভ টু আপিলটি আপিল বিভাগের কার্যতালিকায় ওঠে।

আদালতে লিভ টু আপিলকারী পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, সৈয়দ মামুন মাহবুব ও ইমরান এ সিদ্দিক এবং আইনজীবী মো. আনোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

পরে আইনজীবী আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘রাষ্ট্রপক্ষ নট টুডে (আজ সোমবার নয়) চেয়েছে। আপিল বিভাগ আগামীকাল লিভ টু আপিল শুনানির জন্য দিন রেখেছেন।’

নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি ডিপিওয়ার্ল্ডের সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) কর্তৃপক্ষের সমঝোতা স্মারক সই হয়। এই প্রক্রিয়া এগিয়ে নেওয়াকে কেন্দ্র করে সংযুক্ত আরব আমিরাতের এই কোম্পানির সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি–সম্পর্কিত চলমান প্রক্রিয়ার বৈধতা নিয়ে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষে সংগঠনটির সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন গত বছর রিট করেন।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ৩০ জুলাই হাইকোর্ট রুল দেন। রুলের ওপর শুনানি শেষে গত ৪ ডিসেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিভক্ত রায় হয়। দ্বৈত বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করেন। দ্বৈত বেঞ্চের অপর বিচারপতি রুল ডিসচার্জ (রিট খারিজ) করে রায় দেন।

এরপর প্রধান বিচারপতি গত ১৫ ডিসেম্বর রিটটি নিষ্পত্তির জন্য বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চে পাঠান। রিট খারিজ (রুল ডিসচার্জ) করে ২৯ জানুয়ারি বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ রায় দেন।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষে সংগঠনটির সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন লিভ টু আপিল করেন।