হামের উপসর্গ দেখা দেওয়ায় চিকিৎসার জন্য শিশুদের হাসপাতালে নিয়ে এসেছেন অভিভাবকেরা। রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে
হামের উপসর্গ দেখা দেওয়ায় চিকিৎসার জন্য শিশুদের হাসপাতালে নিয়ে এসেছেন অভিভাবকেরা। রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে

হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে দেশে আজ বৃহস্পতিবার গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৬।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে ২ জন ঢাকা বিভাগের এবং ১ জন সিলেট বিভাগের। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৮৭ জনের মৃত্যু হলো। আর হাম শনাক্তের পর মারা গেছে ৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯৬৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে এবং ৮০ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ১৪৮ এবং নিশ্চিত শনাক্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৫২৭।

এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৪৯ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত এ পরিসংখ্যানে বয়সভিত্তিক তথ্য পাওয়া যায় না। রোগতত্ত্ববিদেরা বলছেন, হাম সব বয়সী মানুষের হতে পারে, তবে শিশুরা এতে বেশি আক্রান্ত হয়। প্রাদুর্ভাবের সময় হামের উপসর্গ নিয়ে যত মৃত্যু হচ্ছে, তার সবই হামে মৃত্যু বলে বিবেচনা করা হয়।