
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আজ বুধবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গতকাল মঙ্গলবার রাতে হঠাৎ করে সম্মেলন স্থগিত করা হয়। আট বছর পর সম্মেলন হতে যাচ্ছে, তাই নেতা-কর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছিলেন। সম্মেলন স্থগিতের ঘোষণায় তাঁরা হতাশ হয়ে পড়েছেন।
আওয়ামী লীগ সূত্র জানায়, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালে। এরপর আর সম্মেলন অনুষ্ঠিত হয়নি। সামনে জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে। তাই মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলন করার উদ্যোগ নেয় জেলা আওয়ামী লীগ থেকে। আজ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করার আয়োজন করতে থাকে স্থানীয় আওয়ামী লীগ।
সম্মেলনের জন্য ভেদরগঞ্জ এমএ রেজা কলেজ মাঠে মঞ্চ ও প্যান্ডেল প্রস্তুত করা হয়। অতিথিদের আপ্যায়নের জন্য খাবার রান্নার বাজার করা হয়। বিভিন্ন স্থানে দাওয়াতপত্র বিতরণ করা হয়। গতকাল সম্মেলন প্রস্তুত কমিটির কাছে খবর আসে, বুধবার সম্মেলন হচ্ছে না।
সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম, উপমন্ত্রী এনামুল হক শামীম, কেন্দ্রীয় নেতা আবদুস সোবহান গোলাপ, দেলোয়ার হোসেন, সংসদ সদস্য ইকবাল হোসেন ও নাহিম রাজ্জাক প্রমুখের।
ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল মান্নান হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘৮ বছর পর সম্মেলন অনুষ্ঠিত হবে, এ নিয়ে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছিল। আমরাও সব প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। কিন্তু হঠাৎ করে সম্মেলন স্থগিতের কথা জানিয়ে দেন স্থানীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক। এরপর ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম ফোন করে সম্মেলন স্থগিত রাখার অনুরোধ করেন। তবে কী কারণে সম্মেলন স্থগিত করা হয়েছে, তা পরিষ্কার করে কেউ জানাননি। সামনে জেলা পরিষদ নির্বাচন, অনেকেই নির্বাচন নিয়ে ব্যস্ত। এ কারণেও সম্মেলন স্থগিত করা হতে পারে।’
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা আওয়ামী লীগের এক নেতা প্রথম আলোকে বলেন, সম্প্রতি দুর্গাপূজায় মন্দির পরিদর্শনকে কেন্দ্র করে আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। ডামুড্যার আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ ওঠে। যাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তাঁরা সংসদ সদস্য নাহিম রাজ্জাকের অনুসারী। ওই ঘটনায় এখনো কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় পর্যায়ের এই বিরোধের কারণে সম্মেলনে ঝামেলা হতে পারে, এমন ভাবনা থেকে কেন্দ্রীয় নেতারা সম্মেলন স্থগিত করেছেন।
এ বিষয়ে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে প্রথম আলোকে বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে, এমন কথা বলে সংসদ সদস্য নাহিম রাজ্জাক সম্মেলন স্থগিত করার কথা জানিয়েছেন। হঠাৎ করে সম্মেলন স্থগিত হওয়ায় তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে অনেক প্রশ্ন দেখা দিয়েছে, যার কোনো উত্তর নেতাদের কাছে নেই।