এখন পর্যন্ত সাইবার হামলার ঘটনা নজরে আসেনি: বিজিডি ই-গভ সার্ট

সাইবার হামলার প্রতীকী ছবি
সাইবার হামলার প্রতীকী ছবি

বাংলাদেশে ১৫ আগস্ট সাইবার হামলার সতর্কতা জারি হলেও এখন পর্যন্ত কোনো হামলার ঘটনা নজরে আসেনি বলে জানিয়েছে বিজিডি ই–গভ সার্ট। এরপরও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিজিডি ই-গভ সার্ট বলেছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সংস্থা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) প্রকল্প বিজিডি ই-গভ সার্ট ৪ আগস্ট এক বিজ্ঞপ্তিতে দেশে সাইবার হামলার আশঙ্কার কথা জানিয়ে সতর্কতা জারি করে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ আগস্ট বাংলাদেশে সাইবার ‘হামলার ঝড়’ চালানোর হুমকি এসেছে। হুমকিদাতা হ্যাকার গোষ্ঠী নিজেদের ‘হ্যাকটিভিস্ট’ দাবি করে বাংলাদেশ ও পাকিস্তানকে লক্ষ্য বানানোর ঘোষণা দিয়েছে। তারা নিজেদের ভারতীয় হ্যাকার গোষ্ঠী বলে দাবি করেছে।

আজ মঙ্গলবার বিকেলে বিজিডি ই-গভ সার্টের পরিচালক সাইফুল আলম খান প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যন্ত সাইবার হামলার কোনো কিছু নজরে আসেনি। আমাদের টিম ২৪ ঘণ্টাই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ’

দু–একটি সাইট হঠাৎ ডাউন থাকার বিষয়ে সাইফুল আলম খান বলেন, ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অব সার্ভিস (ডিডস—এ হামলার মাধ্যমে ওয়েবসাইট ব্যস্ত রাখা হয়, যাতে সেটিতে কেউ ঢুকতে না পারে) হামলা হয়ে থাকতে পারে। কিছু সময়ের জন্য সাইট ডাউন থাকছে। পরে আবার ঠিক হয়ে যাচ্ছে। কিছু চোখে পড়লে সঙ্গে সঙ্গে তাঁরা খোঁজ নিচ্ছেন।

সাইফুল আলম খান আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাকাররা নানা কিছু দাবি করে থাকতে পারে। কিন্তু সেসব তথ্য যাচাই না করা পর্যন্ত বলা যায় না যে সেগুলো আসলেই হ্যাকিং কি না। তবে সবাইকে সতর্ক থাকতে হবে।

এদিকে দেশের সাইবারজগতে হামলা চালানোর হুমকি ও গত মাসে তথ্য ফাঁসের ঘটনার পর সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি ব্যাংকগুলো বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠান সরকারের আইসিটি বিভাগের কাছে সহায়তা চেয়েছে। কেউ কেউ সাইবার নিরাপত্তা দল গঠন করেছে।

এখন পর্যন্ত তিনটি প্রতিষ্ঠানে সাইবার নিরাপত্তা দল বা কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সার্ট) গঠনের কথা জানা গেছে। প্রতিষ্ঠানগুলো হলো নির্বাচন কমিশন, রাষ্ট্রপতির কার্যালয় ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোভুক্ত ২৯টি প্রতিষ্ঠানের সঙ্গে গত এক মাসের মধ্যে আইসিটি বিভাগ তিনটি বৈঠক করেছে। সেখানে সাইবার নিরাপত্তার বিষয়ে বিশেষ জোর দিতে বলা হয়েছে।