কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। খালি পায়ে সারিবদ্ধভাবে ফুল নিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন তাঁরা। অনেকেই পরেছেন একুশের প্রতীক সাদা–কালো পোশাক। ফুলে ফুলে ভরে গেছে শহীদ মিনারের বেদি।
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। তা চলে সাহ্রির আগপর্যন্ত। সাহ্রি শেষে আজ শনিবার সকাল সাড়ে ছয়টায় প্রভাতফেরিতে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন শুরু করেন।
রাজধানীর মোহাম্মদপুর থেকে বাবা কাউসার আহমেদের সঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছে ৫ বছর বয়সী রাইয়ান কাউসার। সে প্রথম আলোকে বলে, 'আমরা অনেক সকালে ঘুম থেকে উঠেছি। কারণ, আমরা আজকে শহীদ মিনারে ফুল দিতে আসব। আমি একটি গোলাপ ও একটি রজনীগন্ধা দিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়েছি।'
৫ বছর বয়সী মীর মানাফের কপালে জাতীয় পতাকা বাঁধা। হাতেও তার জাতীয় পতাকা। মানাফ প্রথম আলোকে বলে, একুশে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে পেরে সে খুশি।
মীর মানাফের সঙ্গেই ছিল তার বাবা মীর মাশুক। তিনি প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে এসে তিনি তাঁর ছেলেকে বলেছেন, পৃথিবীতে আর কোথাও এত মানুষ ভাষার জন্য জীবন দেয়নি। তখন তাঁর ছেলে মানাফ তাঁকে প্রশ্ন করে, 'তাহলে আমাকে কেন ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছো।' ছেলের এমন প্রশ্ন শুনে অপ্রস্তুত হয়ে যান বলেও উল্লেখ করেন তিনি।
মীর মাশুক আরও বলেন, তাঁর ছেলে স্কুলে একুশে ফেব্রুয়ারির কথা শুনে তাঁকে বাংলা বর্ণ লেখা জামা এনে দিতে বলে। তিনি এনে দেন। শহীদ মিনারে আসবে বলে ভোরে তাকে ডেকে দিতে বলে। পরে সাহরির পর ছেলেকে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসেন।
প্রভাতফেরিতে এর মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন।
শ্রদ্ধা নিবেদন করা বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটি, বিশ্বসাহিত্য কেন্দ্র, বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল, ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল, বাসদ (মার্ক্সবাদী), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট প্রভৃতি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য নিয়াজ আহমেদ খান, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সংসদ সদস্য ইশরাক হোসেন, সংসদ সদস্য হাবিবুর রশিদ প্রমুখ শ্রদ্ধা নিবেদন করেছেন।
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।