লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস

কুষ্টিয়া–ঢাকাসহ দেশব্যাপী লালন স্মরণানুষ্ঠানের আয়োজন

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উদ্‌যাপন উপলক্ষে কুষ্টিয়া–ঢাকাসহ বিভাগীয় পর্যায়ে দেশব্যাপী লালন স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে
ছবি: সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সৌজন্যে

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়া–ঢাকাসহ দেশজুড়ে লালন স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হবে। তাঁর গান, দর্শন ও মানবতাবোধের প্রতি শ্রদ্ধা জানাতে নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দিবসটি স্মরণে ১৭ থেকে ১৯ অক্টোবর কুষ্টিয়ায় তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

কুষ্টিয়ার পাশাপাশি ঢাকায়ও রয়েছে নানা আয়োজন। ১৭ অক্টোবর সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘লালন স্মরণানুষ্ঠান’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে থাকবেন শিল্পী ও গবেষক অধ্যাপক আহমেদ শাকিল হাসমী।

আয়োজনে সভাপতিত্ব করবেন যুগ্ম সচিব ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হারুন-অর-রশীদ। আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন দেশের প্রথিতযশা লালনশিল্পী, শিল্পকলা একাডেমির সংগীতশিল্পী এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা।

এ ছাড়া ১৭ অক্টোবর দেশের সব বিভাগীয় শহর ও অন্যান্য জেলাতেও লালন সাঁইয়ের জীবন ও দর্শনের ওপর ভিত্তি করে বড় পরিসরে অনুষ্ঠান আয়োজন করা হবে।