
বাংলাদেশের অভিবাসীদের মানবাধিকার সুরক্ষার পরিস্থিতি সরেজমিন দেখতে ও বুঝতে শুক্রবার ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মানবাধিকার পরিষদের অভিবাসীদের মানবাধিকারবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার ফেলিপ গঞ্জালেজ। বাংলাদেশ সফর শেষে তিনি কী দেখলেন তা আগামী জুনে মানবাধিকার পরিষদে উপস্থাপিত একটি প্রতিবেদনে তুলে ধরবেন। এই সফরকে সামনে রেখে তিনি এ বিষয়ে সংশ্লিষ্টদের তথ্য-উপাত্ত ও মতামত চেয়েছেন।
এর আগে জাতিসংঘের মানবাধিকার পরিষদের ওয়েবসাইটে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বলা হয়েছে, ফেলিপ গঞ্জালেজ বাংলাদেশ সফরের সময় অভিবাসীদের মানবাধিকার পরিস্থিতি দেখার পাশাপাশি অভিবাসীদের মানবাধিকার সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে রাষ্ট্রের বাধ্যবাধকতা বাস্তবায়নে কতটা অগ্রগতি হয়েছে তা মূল্যায়ন করবেন।
তিনি অভিবাসীদের সব ধরনের মানবাধিকার সুরক্ষার সঙ্গে সম্পর্কিত চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে তাদের মানবাধিকার নিশ্চিত করতে রাষ্ট্র এবং সংশ্লিষ্ট অংশীজনদের জন্য সুপারিশ তুলে ধরবেন।
সফরের প্রস্তুতির অংশ হিসেবে জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার নাগরিক সমাজ, মানবাধিকার সংগঠন এবং অন্যান্য আগ্রহী অংশীজনদের মতামতকে স্বাগত জানাবেন। বিশেষ র্যাপোর্টিয়ের তাঁর কাজের পরিধির সঙ্গে সম্পৃক্ত প্রাসঙ্গিক তথ্য পেলে কৃতজ্ঞ থাকার কথা জানিয়েছেন।
যে সব তথ্য তিনি চেয়েছেন সেগুলো হচ্ছে, যেকোনো জাতীয় কর্মপরিকল্পনার তথ্যসহ অভিবাসনের সুশাসন–সম্পর্কিত নীতি এবং তার বাস্তবায়ন; আন্তর্জাতিক শ্রম অভিবাসনের প্রেক্ষাপটে দেশে ফিরে আসা অভিবাসীদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন এবং পুনরায় প্রবেশের সুবিধার্থে উদ্যোগ নেওয়া। নিয়মিত এবং মর্যাদাসম্পন্ন শ্রম অভিবাসনের পথ, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার ব্যবস্থা, বাংলাদেশে অভিবাসী ও রোহিঙ্গা শরণার্থীদের জন্য শ্রমবাজারে আইনি প্রবেশাধিকার।
বিশেষ র্যাপোর্টিয়ের রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে রোহিঙ্গা শরণার্থীদের আন্তসীমান্ত চলাচল, সমুদ্রে নৌকায় করে প্রস্থান করাসহ এই অঞ্চলে সমুদ্রে রোহিঙ্গাদের অনুসন্ধান ও উদ্ধারের বিষয়ে তথ্য চেয়েছেন।