রবারকে কৃষিপণ্য ঘোষণার দাবি

সংবাদ সম্মেলনে বিভিন্ন দাবি তুলে ধরেন বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা
ছবি: প্রথম আলো

রবারের বিভিন্ন দ্রব্যের চাহিদা থাকা সত্ত্বেও রবার খাত বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত। খাতটিকে এখনো ইন্ডাস্ট্রি (শিল্প খাত) হিসেবে বিবেচনা করা হয়। এ ছাড়া অবৈধ দখলসহ রবারশিল্প বিভিন্ন হুমকিতে রয়েছে। এ অবস্থায় রবারকে কৃষিপণ্য ঘোষণাসহ ১১টি দাবি করেছেন বাগানমালিকেরা।

আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ সম্মেলনে এসব দাবির কথা উঠে এসেছে। বাংলাদেশের রবারবাগান থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের অপসারণ, অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ এবং মিথ্যা মামলা, রবারগাছ কেটে ফেলা ও কর্মকর্তা–কর্মচারীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের পরিচালক সৈয়দ মোয়াজ্জেম হোসেন লিখিত বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, যেসব দেশে রবারশিল্পে সরকারি সহায়তা দেওয়া হচ্ছে, সেখানে রবারশিল্প উন্নতি লাভ করছে। কিন্তু বাংলাদেশে নানা সমস্যা। দেশে এক লাখ একরের মতো জায়গায় রবার চাষ হয়। বিশ্বে রবারকে সাদা সোনা বলা হয়। বিভিন্ন দেশ রবারকে কৃষিপণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশেও তা প্রয়োজন। পাশাপাশি রবার গবেষণা ইনস্টিটিউট স্থাপনেরও আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের কিছু রবারবাগানে ভূমিদস্যুদের তাণ্ডবের কারণে রবারশিল্প ধ্বংসের মুখে। কোয়ান্টাম ফাউন্ডেশনের যোগাসাজশে স্থানীয় লোকজন রবারশিল্পের অগ্রযাত্রা ব্যাহত করতে চায় বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।

এ বিষয়ে কোয়ান্টাম ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির অর্গানিয়ার আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা নেই। রবারবাগানের মালিকদের সঙ্গে স্থানীয় ব্যক্তিদের সমস্যা রয়েছে। এ ছাড়া কোয়ান্টামের সেন্টার বাগান থেকে চার–পাঁচ কিলোমিটার দূরে।

রবার প্রক্রিয়াজাতের জন্য বিভিন্ন দেশে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। কিন্তু দেশে এখনো মান্ধাতা আমলের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারলে উৎপাদন বাড়বে। এতে মানসম্মত রবার পাওয়া যাবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

রবারশিল্পে সংকট নিরসনে বেশ কিছু দাবি জানায় রাবার গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশন। দাবিগুলো হলো আশির দশকে বরাদ্দ জমির চুক্তি নবায়ন, রবারচাষিদের স্বল্প সুদে ঋণ, উচ্চফলনশীল বীজ আমদানি, রবারকে কৃষিপণ্য ঘোষণা, উৎপাদিত রবার পণ্যের ওপর শুল্ক বা কর প্রত্যাহার, হেডম্যানদের রিপোর্টের যথেচ্ছ ব্যবহার বন্ধ, অবৈধ দখল বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, রবার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রাবার গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ হারুন, মহাসচিব মো. মনসুর আলমসহ প্রমুখ।