অধস্তন কর্মীকে গালিগালাজ, সিভিল সার্জন বললেন স্পর্শকাতর

চট্টগ্রাম জেলার মানচিত্র
চট্টগ্রাম জেলার মানচিত্র

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা শফিউর রহমান মজুমদারের বিরুদ্ধে অধস্তন কর্মীকে গালিগালাজ করার অভিযোগ উঠেছে। এ–সংক্রান্ত একটি কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

অডিও রেকর্ডটি প্রকাশ পাওয়ার পর তা সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর নজরে আসে। এ বিষয়ে আজ সোমবার দুপুরে শফিউর রহমান মজুমদারকে ডেকে ভর্ৎসনা করেন তিনি। তখন অধস্তন কর্মী প্রেমানন্দও উপস্থিত ছিলেন। পরে শফিউরকে চাকরি আচরণবিধি অনুযায়ী প্রতিষ্ঠান চালানোর নির্দেশ দেন সিভিল সার্জন।

গত ২৭ মার্চ স্বাস্থ্য কমপ্লেক্সের ওটি বয় প্রেমানন্দ দাশ ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জুয়েল সরকারকে গালিগালাজ করেন শফিউর রহমান।

প্রেমানন্দের সঙ্গে মুঠোফোনে কথা বলার সময় তাঁকে এবং জুয়েলকে একসঙ্গে গালিগালাজ করেন শফিউর। গত শনিবার রাতে প্রেমানন্দকে সামনাসামনি আবার গালিগালাজ করেন তিনি।

জানতে চাইলে সিভিল সার্জন ইলিয়াছ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ডেকে কথা বলেছি। তাঁদের বিষয়টি মিটমাট করে ফেলার জন্য বলেছি। এ ধরনের আচরণ কাম্য নয়। এটা স্পর্শকাতর আচরণ।’

এ বিষয়ে শফিউর রহমানকে একাধিকবার ফোন দিয়েও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তিনি ফোন ধরেননি। প্রেমানন্দ ও জুয়েল সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।