
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে মানব পাচারকারীদের হাতে তুলে দেওয়ার অভিযোগে করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে গত রোববার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পাটগ্রাম থানা-পুলিশ।
গ্রেপ্তার তিনজন হলেন উপজেলার দহগ্রাম ইউনিয়নের সরকারপাড়া গ্রামের আশরাফুল ইসলাম ওরফে ভুটুয়া (৩৫), একই ইউনিয়নের মুন্সিপাড়া এলাকার মোকছেদুল হক (৩২) ও পাটগ্রাম পৌরসভার জুম্মাপাড়া (রসুলগঞ্জ) গ্রামের শফিক হোসেনের স্ত্রী চম্পা বেগম (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সোহেল মিয়ার (২৫) সঙ্গে তিন বছর আগে পরিচয় হয় পাবনার সাঁথিয়া উপজেলার এক তরুণীর (২২)। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। ২০২১ সালের মার্চ মাসে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ওই তরুণীকে অবৈধভাবে ভারতের কলকাতায় নিয়ে যান সোহেল। কলকাতায় আটকে রেখে তরুণীকে দেহ ব্যবসা করাতে বাধ্য করা হয়। সেখানে আট-নয় মাস থাকার পর ওই তরুণী পালিয়ে দেশে আসেন। কিছুদিন পর সোহেলও ফিরে আসেন দেশে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় ওই তরুণী থানায় মামলা করার চেষ্টা করলে সোহেল ভুল স্বীকার করে তাঁকে বিয়ে করার প্রস্তাব দেন। তরুণী রাজি হয়ে ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি হবিগঞ্জে আদালতের মাধ্যমে বিয়ে করে শ্বশুরবাড়িতে স্বামীর সঙ্গে সংসার শুরু করেন। এরই মধ্যে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। অন্তঃসত্ত্বা অবস্থায় সোহেল তাঁকে দহগ্রাম ইউনিয়ন সীমান্তে নিয়ে যান। চলতি মাসের ১২ মে পাচারের উদ্দেশ্যে ওই তরুণীকে পাচারকারী চম্পা বেগমের বাড়িতে পাটগ্রাম পৌরসভার পাঠিয়ে দেন সোহেল। চম্পা বেগমের বাড়ি থেকে মোটরসাইকেলে করে পাচারকারী দলের আরেক সদস্য মোকছেদুল হক তাঁর দহগ্রামের বাড়িতে নিয়ে যান।
১৩ মে তরুণীকে মোকছেদুল ও আশরাফুল তিনবিঘা করিডরের বিপরীতে ভারতীয় পাচারকারী দলের সদস্য গণেশের বাড়িতে পৌঁছে দেন। গণেশ ১৪ মে কলকাতার জনৈক সুকুমারের কাছে পৌঁছে দেন। সুকুমার তরুণীকে একটি হোটেলে নিয়ে বলেন, তাঁর স্বামী দেহ ব্যবসার জন্য তাঁদের কাছে বিক্রি করে দিয়েছেন। ১৫ মে কৌশলে হোটেল থেকে পালিয়ে শিলিগুড়ির গণেশের বাড়িতে ফিরে আসেন তরুণী। ১৭ মে গণেশ দহগ্রামের আশরাফুল ও মোকছেদুলের কাছে তরুণীকে পৌঁছে দেন।
আশরাফুল আবারও তরুণীকে পাটগ্রাম পৌরসভার চম্পার বাড়িতে নিয়ে আসেন। এ সময় পাচারকারীরা তরুণীকে একটি কক্ষে আটকে রেখে টাকাও দাবি করেন। পরে কৌশলে চম্পার বাড়ি থেকে পালিয়ে ২০ মে রাতে পাটগ্রাম থানায় আশ্রয় নেন তরুণী।
২১ মে স্বামী সোহেল মিয়াকে প্রধান আসামি করে পাচারকারী চক্রের কয়েকজনের নামে পাটগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং মানব পাচার প্রতিরোধ আইনে মামলা করেন ওই তরুণী। পাটগ্রাম থানা-পুলিশ ওই দিন রাতেই অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম, মোকছেদুল হক ও চম্পা বেগমকে গ্রেপ্তার করে। লিখিত এজাহারে ওই তরুণী উল্লেখ করেন, ভারতে নিয়ে যাওয়ার সময় এবং দহগ্রাম ও পাটগ্রামে ফিরিয়ে আনার সময় আশরাফুল ইসলাম ও মোকছেদুল হক একাধিকবার তাঁকে ধর্ষণ করেছেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, গ্রেপ্তার তিনজনকে রোববার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।