অন্তঃসত্ত্বা স্ত্রী ও ভাইকে হারিয়ে মাতম থামছে না নবী হোসেনের

শোকে মুহ্যমান নবী হোসেনের কান্না থামছেই না। রোববার বিকেলে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর ভেচকী গ্রামে
 ছবি: এ কে এম ফয়সাল

নজরুল ইসলাম আকন (৩৬) ও তাঁর ছোট ভাই নবী হোসেন আকন (৩০) সাভারের নবীনগরে ফলের ব্যবসা করতেন। নবী হোসেনের স্ত্রী জাহানারা বেগম (২৩) সেখানে ভাড়া বাসায় থাকতেন স্বামীর সঙ্গে। সন্তানসম্ভবা জাহানারা বেগমের সেবা-শুশ্রূষার জন্য বাড়িতে পাঠানো হচ্ছিল। বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ভাই ও স্ত্রীকে হারিয়ে শোকে মুহ্যমান নবী হোসেনের মাতম থামছেই না।

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর ভেচকী গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে নজরুল ইসলাম। রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে বরিশালের উজিরপুর উপজেলায় বরিশাল-ঢাকা মহাসড়কের বামরাইল এলাকায় বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ১০ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে নজরুল ইসলাম ও তাঁর ভাই নবী হোসেনের স্ত্রী জাহানারা বেগমও আছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

রোববার সন্ধ্যা সাতটার দিকে নজরুল ইসলাম ও জাহানারা বেগমের লাশ গ্রামের বাড়িতে পৌঁছে। এর আগে বিকেলে সাভারের নবীনগর থেকে বাড়িতে পৌঁছেন নবী হোসেন। শোকে পাগলের মতো পুরো বাড়িতে ছুটে বেড়ান তিনি। কখনো বাড়ির উঠানে মাতম করছিলেন, আবার কবরস্থানে ছুটে যাচ্ছিলেন। বাড়িতে আসা স্বজনের সান্ত্বনায় নবী হোসেনের কান্না থামছিল না। বরং স্বজন ও প্রতিবেশীদের দেখে তাঁর কান্নায় পরিবেশ আরও ভারী হয়ে উঠছিল। কান্নায় নবী হোসেন কখনো মূর্ছা যাচ্ছিলেন। আবার মাতম করে বলছিলেন, ‘আমার সব শেষ। দুর্ঘটনায় আমার কপাল পুড়ছে। ভাইরে হারাইছি, বউরে হারাইছি, আমার অনাগত সন্তানটাও হারিয়েছি। আমার সঙ্গে আল্লাহ এমন কেন করল?’

নবী হোসেনের বাবা আবদুল কুদ্দুস শোকে যেন পাথর হয়ে গেছেন। তিনি জানান, রাত আড়াইটা-তিনটার দিকে নজরুলের সঙ্গে তাঁর মুঠোফোনে শেষ কথা হয়। এরপর সকালে ছেলে ও ছেলের বউয়ের মৃত্যুর খবর পান তাঁরা।

মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম জমাদ্দার বলেন, নজরুল মালয়েশিয়া ছিলেন। তিন বছর আগে দেশে এসে বাড়িতে পাকা ঘর করেন। দুই ভাই মিলে সাভারের নবীনগর এলাকায় ফলের ব্যবসা করতেন। সড়কের পাশে তাঁদের ফলের দোকান ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, যমুনা পরিবহনের একটি বাস ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় যাচ্ছিল। চালক ঘুমিয়ে পড়েছিলেন। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পূর্ব পাশে মেহগনিগাছের সঙ্গে ধাক্কা খায়। এতে দুমড়েমুচড়ে যায় বাসটি।