অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় তরুণীকে কুপিয়ে জখম করলেন সাবেক স্বামী

রাজশাহী জেলার মানচিত্র
রাজশাহী জেলার মানচিত্র

রাজশাহী নগরীতে অন্যত্র বিয়ে ঠিক হাওয়ায় সাবেক স্ত্রীকে কুপিয়ে জখম করেছেন এক ব্যক্তি। শনিবার দিবাগত রাত নয়টার দিকে রাজশাহী নগরের হেতেমখা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম মো. সোহান। তিনি নগরের হেতেমখা এলাকার বাসিন্দা।

আহত ওই তরুণীর বাবা প্রথম আলোকে বলেন, প্রায় ছয় বছর আগে একই এলাকার বাসিন্দা সোহানের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়েছিল। ছেলেটা বেকার ও ভবঘুরে। তিন বছর সংসার করার পর বনিবনা না হওয়ায় মেয়ের বিচ্ছেদ হয়। এর তিন বছর পর তাঁরা মেয়ের নতুন জায়গায় বিয়ে ঠিক করেন। আগামী ৬ মে বিয়ের দিন ঠিক হয়েছে। এ খবর পেয়ে মেয়ের সাবেক স্বামী সোহান তাঁর মেয়ের ওপর হামলা চালিয়েছেন। শনিবার রাত নয়টার দিকে বাড়ির বাইরে মেয়েকে একা পেয়ে সোহান ছুরিকাঘাত করে মেয়ের নাক, মুখ, হাতে কুপিয়ে জখম করেন। স্থানীয় লোকজন তাঁর মেয়েকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়। এ ঘটনায় তিনি মামলা করবেন বলে জানান।

রাজশাহী নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, তাঁরা ঘটনা জানতে পেরেছেন। আহত অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামি পলাতক। মামলা করলে পুলিশ আইনি পদক্ষেপ নেবে।