তৎকালীন জমিদার বজেন্দ্র কিশোর রায় চৌধুরী ছিলেন সৌন্দর্যপিপাসু। নিজের জমিদারি এলাকায় তৈরি করেছিলেন নান্দনিক গোলপুকুর।

ময়মনসিংহের গৌরীপুরের তৎকালীন জমিদার বজেন্দ্র কিশোর রায় চৌধুরী ছিলেন সৌন্দর্যপিপাসু। নিজের জমিদারি এলাকায় তৈরি করেছিলেন নান্দনিক গোলপুকুর। মাটির সমতল থেকে ধাপে ধাপে পুকুরের গভীর পর্যন্ত সিঁড়ি দিয়ে তৈরি হয়েছিল পুকুরটি। চারদিকে শান বাঁধানো ঘাট। জমিদারি প্রথা বিলুপ্তির পর জমিদারেরা চলে যান।
বর্তমানে এ পুকুরটি গৌরীপুর উপজেলা পরিষদের সীমানার ভেতর পড়েছে। তবে স্থানীয় সুধীজন ও সাধারণ মানুষের অভিযোগ, পুকুরটি তার জৌলুশ হারিয়েছে। বর্তমানে অযত্ন–অবহেলায় পুকুরটির পানি শুকিয়ে গেছে। এখন পুকুরের তলানিতে ঘাস আর কচুরিপানার স্তূপ।
গৌরীপুরের নাগরিক সংগঠন গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি শফিকুল ইসলাম বলেন, গৌরীপুরের ভ্রমণপিপাসু মানুষ এ পুকুরটি দেখতে যেতেন। মানুষ সেখানে গিয়ে কিছুটা সময় কাটাতেন। তবে বর্তমানে সেটির অবস্থা ভালো নয়। ২০০৭ সালে সর্বশেষ গোলপুকুরটি সংস্কার হয়েছিল। এরপর দীর্ঘ সময়ে আর সংস্কার হয়নি। যে কারণে ঐতিহ্যবাহী এ পুকুরটি জৌলুশ হারিয়েছে।
গত সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, তলানি পর্যন্ত কোনো পানি নেই। পুকুরের তলানিতে আগাছা আর কিছু শুকনো কচুরিপানা পড়ে আছে। পুকুরের চারপাশে পড়ে আছে আবর্জনা। এ সময় স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা হয়। তাঁরা জানান, উপজেলা সদরে ও আশপাশে মানুষের বৈকালিক ভ্রমণ ও বিনোদনের স্থান নেই। এ গোলপুকুরটি ছিল মানুষের কাছে আগ্রহের স্থান। তবে পুকুরটিতে এখন পানি থাকে না। চারপাশে আবর্জনা পড়ে থাকায় দিনে মশার উপদ্রব থাকে। যে কারণে মানুষ সেখানে বেড়াতে যেতে চান না।
জমিদার বজেন্দ্র কিশোর রায় চৌধুরী এ পুকুরটি নির্মাণ করেন। এটি একটি শতবর্ষী স্থাপনা। গোলপুকুরের নির্মাণশৈলী সাধারণ মানুষকে মুগ্ধ করে। কিন্তু প্রয়োজনীয় সংস্কারের অভাবে পুকুরটি সৌন্দর্য হারিয়েছে।প্রাবন্ধিক রণজিৎ কর, গৌরীপুরের বাসিন্দা
গৌরীপুরের সাধারণ ভ্রমণপিপাসু মানুষের দাবি, এটি সংস্কার করে মানুষের বৈকালিক ভ্রমণের স্থান হিসেবে প্রতিষ্ঠা করা হোক।
গৌরীপুরের বাসিন্দা প্রাবন্ধিক রণজিৎ কর প্রথম আলোকে বলেন, ‘জমিদার বজেন্দ্র কিশোর রায় চৌধুরী এ পুকুরটি নির্মাণ করেন। এটি একটি শতবর্ষী স্থাপনা। গোলপুকুরের নির্মাণশৈলী সাধারণ মানুষকে মুগ্ধ করে। কিন্তু প্রয়োজনীয় সংস্কারের অভাবে পুকুরটি সৌন্দর্য হারিয়েছে। আমাদের দাবি, স্থানীয় প্রশাসন উদ্যোগী হয়ে এটি সংস্কার করে আবারও জৌলুশ ফিরিয়ে আনবে।’
গৌরীপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০০৭ সালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এহসানুল হক গোলপুকুরটির সংস্কার করেন। ওই সময় পুকুরের শান বাঁধানো ঘাট ও সিঁড়ি সংস্কার করে পানির ফোয়ারা নির্মাণ করা হয়। সারা বছর পানি ধরে রাখা ও বের হয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করা হয় সেচের। চারপাশে করা হয়েছিল আলোকসজ্জা। এ ছাড়া সৌন্দর্যবর্ধনের জন্য গোলপুকুরের চারপাশে লাগানো হয়েছিল ঘাস ও নানা জাতের ফুলের চারা। তবে কয়েক বছরের মাথায় সেসব সৌন্দর্য আবার জৌলুশহীন হয়ে পড়ে নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে।
গৌরীপুরের ইউএনও হাসান মারুফ বলেন, ‘পুকুরটি সংস্কারের জন্য আমরা উদ্যোগ নেব।’