
গত বছরের ১৪ ডিসেম্বর রাতে গাজীপুরের জয়দেবপুরে পোশাকশ্রমিক নূপুর আক্তারের (২৪) শরীরে পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনার তিন দিন পর নূপুরের পরিবার তাঁর সাবেক স্বামী নাজমুল মিয়াকে (৩২) আসামি করে মামলা করে। মামলায় অভিযোগ করা হয়েছে, নাজমুল মিয়া পেট্রল ঢেলে নূপুরকে হত্যাচেষ্টা করেছেন। চলতি বছরের মে মাসে নাজমুল মিয়াকে একমাত্র অভিযুক্ত উল্লেখ করে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে।
আগুনে দগ্ধ হওয়ার পর প্রায় ছয় মাস হতে চলেছে। নূপুর আক্তার এখনো শরীরে ক্ষত নিয়ে ঘুরছেন। অর্থসংকটে তিনি এখন উন্নত চিকিৎসাও করাতে পারছেন না। ফলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। এমন পরিস্থিতিতে নূপুরের সাবেক স্বামী নাজমুল মিয়ার ফাঁসি চায় ভুক্তভোগীর পরিবার।
নূপুর প্রথম আলোকে বলেন, পাঁচ মাস ধরে উপুড় হয়ে শুয়ে থাকেন তিনি। ঠিকমতো কাপড় পরতে ও চলাফেরা করতে পারেন না। সব সময় শরীরে জ্বালাপোড়া করে। এখন উন্নত চিকিৎসার জন্য
নূপুর আক্তার শেরপুরের নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নের বন্দগজারিয়া গ্রামের দিনমজুর তোতা মিয়ার মেয়ে। নূপুর গাজীপুরের একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। নূপুরের সাবেক স্বামী নাজমুল মিয়া নকলা উপজেলার ইশিবপুর এলাকার মো. দরবেশের ছেলে।
নূপুরকে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় নূপুরের বাবা তোতা মিয়া বাদী হয়ে নাজমুল মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত বছরের ১৭ ডিসেম্বর জয়দেবপুর থানায় মামলা করেন। নাজমুল বর্তমানে গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দী আছেন। মামলার তদন্ত শেষে চলতি মে মাসে জয়দেবপুর থানা-পুলিশ আদালতে নাজমুলের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে।
নূপুরের পরিবার জানায়, গত বছরের ১৪ ডিসেম্বর রাতে নূপুরের শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে যায়। গুরুতর আহত নূপুর দুই দফায় দীর্ঘদিন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি থেকে চিকিৎসা করান। পরে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ না থাকায় নূপুর তাঁর বাবার বাড়িতে ফিরে আসেন। বর্তমানে তিনি বাবার বাড়িতেই অবস্থান করছেন।
আমি সরকারের কাছে নাজমুলের ফাঁসির দাবি করছিঅগ্নিদগ্ধ নূপুর আক্তার
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ছয় বছর আগে নকলার নাজমুল মিয়ার সঙ্গে নূপুর আক্তারের বিয়ে হয়। তাঁদের সংসারে একটি ছেলেসন্তান আছে। বিয়ের আগে থেকেই নাজমুল মাদকাসক্ত ছিলেন বলে নূপুর ও তাঁর পরিবারের দাবি। মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার জন্য নূপুর নাজমুলকে নানা পরামর্শ দিলেও তিনি তা শোনেননি। বরং নাজমুল নূপুরকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।
স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে গত বছরের ২৬ জুলাই নূপুর তাঁর স্বামী নাজমুলকে তালাক দেন। এতে ক্ষুব্ধ হয়ে নাজমুল নানাভাবে নূপুরকে ভয় দেখান এবং পুনরায় সংসার করার জন্য তাঁকে চাপ দেন। কিন্তু নূপুর রাজি না হওয়ায় গত বছরের ১৪ ডিসেম্বর রাতে নাজমুল নূপুরের পিঠে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে নূপুরের পিঠ, হাতসহ শরীরের পেছনের বেশির ভাগ অংশ পুড়ে যায়।
গতকাল সোমবার নূপুর প্রথম আলোকে বলেন, পাঁচ মাস ধরে উপুড় হয়ে শুয়ে থাকেন তিনি। ঠিকমতো কাপড় পরতে ও চলাফেরা করতে পারেন না। সব সময় শরীরে জ্বালাপোড়া করে। এখন উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। কিন্তু দরিদ্র দিনমজুর বাবার পক্ষে টাকার সংস্থান করা সম্ভব নয়। তাই তাঁর উন্নত চিকিৎসার জন্য সরকার ও সমাজের হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
নূপুর বলেন, ‘আমি সরকারের কাছে নাজমুলের ফাঁসির দাবি করছি।’
নূপুরের বাবা তোতা মিয়া বলেন, টাকার অভাবে তিনি মেয়ের চিকিৎসা করাতে পারছেন না। তাঁর মেয়েকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা নাজমুলের ফাঁসি দাবি করেন তিনি।
জয়দেবপুর থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা কুদ্দুছ মুন্সি প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে আসামি নাজমুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। শিগগিরই আদালতে মামলার বিচার কার্যক্রম শুরু হবে বলে আশা করছেন তিনি।