
জয়পুরহাটে অস্ত্র আইনের মামলায় একজনের যাবজ্জীবন ও অন্যজনের ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং স্পেশাল ট্রাইব্যুনাল-৩–এর বিচারক মো. গোলাম সারেয়ার এই রায় দেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল বলেন, এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তষ্ট।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন জয়পুরহাটের কালাই উপজেলার তালুকদারপাড়া গ্রামের মাসুদুর রহমান ওরফে সুজন (৪০) ও ২০ বছর দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন ক্ষেতলাল উপজেলার মাঝিয়াস্থল গ্রামের মোস্তাফিজুর রহমান ওরফে সুমন (৩৮)। তাঁরা দুজনই পলাতক।
মামলার এজাহার সূত্রে থেকে জানা যায়, ২০০৮ সালের ৭ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে এক সংবাদের ভিত্তিতে ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজার এলাকা থেকে একটি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ মাসুদুর রহমান ও মোস্তাফিজুর রহমানকে আটক করে র্যাব–৫। এ ঘটনায় র্যাব বাদী হয়ে পরের দিন ক্ষেতলাল থানায় অস্ত্র আইনে মামলা করে। এরপর দুই আসামি আদালত থেকে জামিন নিয়ে পলাতক। মামলার দীর্ঘ শুনানি শেষে আজ দুপুরে আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন।