
চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কে ধানবোঝাই ট্রাক উল্টে ধানের বস্তার নিচে চাপা পড়ে নিহত ধান কাটা তিন শ্রমিকের মধ্যে সবচেয়ে বেশি সংকটে পড়েছে শিবগঞ্জ উপজেলার বহলাবাড়ি পারঘোড়াপাখিয়া গ্রামের মো. মন্টু আলীর (৪৯) পরিবার। স্ত্রী, চার শিশুসন্তান ও বৃদ্ধ মাকে রেখে গেছেন তিনি।
বৃহস্পতিবার সকালে মন্টু আলীর বাড়িতে গিয়ে দেখা যায়, এক বছরের ছেলে আবদুল হাইকে কোলে নিয়ে বসে আছেন মন্টু আলীর স্ত্রী রোজিনা বেগম (৩৯)। পাশেই ছিল ষষ্ঠ শ্রেণিপড়ুয়া ছেলে মো. রায়হান, চতুর্থ শ্রেণির মো. আবদুল্লাহ ও চার বছর বয়সী মেয়ে সুমাইয়া। তাঁদের ঘিরে ছিলেন রোজিনার বাবা মো. মাইনুল হক, শাশুড়ি এলেনুর বেগম, প্রতিবেশী ও আত্মীয়স্বজনেরা।
এ সময় বিলাপ করতে করতে মন্টু মিয়ার মা এলেনুর বেগম বলেন, ‘সংসারে হামার ব্যাটাই ছিল একলা খাটনে আলা। অর রোজগার দিয়াই চলতোক সংসার। অর বাপ মারা গেছে ১০ বছর আগে। এতগালা মানুষ। অ্যাখুন খাবইবা কী, আর ছেলাপিলার লেখাপড়াইবা চলবে ক্যামন কইর্যা!’
এ সময় কথা হয়। মন্টু আলীর চাচাতো ভাই হাসান আলীর সঙ্গে। তিনি বলেন, ‘মন্টুরা নদীর ভাঙনে নিঃস্ব হয়ে আসা মানুষ। যে জমিতে বসবাস করছেন সেটি প্রথমে ইজারা নিয়েছিলেন। পরে মালিকের কাছে কিনে নেন। কিন্তু এখনো মালিকের কাছে দেড় লাখ টাকা ঋণ আছে। ঋণের বোঝা মাথায় নিয়েই মারা গেলেন আমার ভাইটা।’
গতকাল বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের পাওয়েল এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কে ঘটা এ দুর্ঘটনায় তিনজন শ্রমিক নিহত হওয়ার পাশাপাশি সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন রোজিনা বেগমের দুই ভাই মো. মিজানুর (৩২), মো. শামসুল (২৫) এবং ভাতিজা মো. খোকন (২৬)।
রোজিনার বাবা মাইনুল হক বলেন, ‘আমরাও গরিব মানুষ। দিন চলে অভাব-অনটনে। এ অবস্থায় মেয়ের সংসারে সাহায্য করার সুযোগ নাই। মেয়েটার সংসার কীভাবে চলবে তা ভেবেই কূল-কিনারা পাচ্ছি না।’
শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের সতেরো রশিয়া চামা গ্রামের নিহত আরেক শ্রমিক মো. বুলবুল (৩০)। তিনি স্ত্রী জুলেখা খাতুন (২৫), তৃতীয় শ্রেণিপড়ুয়া মেয়ে আয়েশা খাতুন ও চার বছর বয়সী ছেলে মো. সিয়ামকে রেখে গেছেন।
কাঁদতে কাঁদতে জুলেখা খাতুন বলেন, আসার আগে ফোনে কথা হয়েছিল। সিয়ামের সঙ্গেও কথা হয় তখন। বাবাকে পাউরুটি আনতে বলেছিল সে। এখন ছেলে সারা দিন বলে বেড়াচ্ছিল, ‘হামার আব্বা আইজ হামার লাইগ্যা পাউরুটি আনবে।’ সেই বাবা এখন লাশ হয়ে বাড়িতে ফিরল!
জুলেখা খাতুন আরও বলেন, ‘হামরাকে দেখার কেহু নাই। শ্বশুর, ভাসুর ও দেওররাও গরিব। বাপও গরিব মানুষ। দুই ছেলেমেয়েকে লিয়্যা হামার দিন কী কইর্যা যে কাটবে?’
এ ঘটনায় নিহত অপর ধানকাটা শ্রমিক একই গ্রামের আসাদুল ইসলাম (৩০)। তাঁর মৃত্যুতে বিয়ের ৯ মাসের মাথায় বিধবা হলেন স্ত্রী মনিরা খাতুন (২২)।
কেঁদে কেঁদে তিনি বলেন, ‘মঙ্গলবার রাতেই ধান নিয়ে আসার কথা ছিল। ফোন দিয়্যা জানিয়্যাছিল এসব কথা। হামিই মানা কর্যাছি, রাইতে আসিও না। রাস্তাপথে ডাকাতি ও দুর্ঘটনা ঘটতে পারে। বিপদের কথা ভ্যাব্যা দিনে আসতে রাজি হলো। কিন্তু দিনে অ্যাস্যাই লাশ হয়্যা ফিরল।’