
পাশাপাশি দুটি বালতি রাখা। একটিতে অ্যালোভেরা আর অন্যটিতে সাজিয়ে রাখা হয়েছে লবণ, চিনি, তোকমাই, কালিজিরা, আমলকি, ভুসি আর গাছের শিকড়। এসব নিয়ে প্রতিদিন সকালে বের হন মো. আশু মিয়া (৫২)। ২০ বছর ধরেই বের হচ্ছেন তিনি। দীর্ঘ দুই দশক তাঁর সংসার চলছে অ্যালোভেরার শরবত বিক্রির টাকায়।
আজ রোববার সকালে সিলেট নগরের জিন্দাবাজার মোড়ে কথা হয় আশু মিয়ার সঙ্গে। তাঁর বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার মুরকারি গ্রামে। বর্তমানে তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে নগরের টিলাগড় বটেরটল এলাকায় বসবাস করছেন। দুই ছেলে, চার মেয়ে আর স্ত্রীকে নিয়ে ছয়জনের সংসার।
বাঁশের লাঠিতে বালতি দুটি ঝুলিয়ে নগরের বিভিন্ন এলাকায় গিয়ে শরবত বিক্রি করেন আশু মিয়া। শরবতের পাশাপাশি অ্যালোভেরার পাতাও বিক্রি করেন তিনি। এসব পাতা কেজিপ্রতি ৫০ টাকায় বিক্রি করেন। প্রতি গ্লাস শরবত রাখেন ২০ টাকা। প্রতিদিন শরবত এবং অ্যালোভেরা বিক্রির পর যা আয় হয়, সেটি দিয়েই চালান সংসার।
আশু মিয়া বলেন, ‘প্রতিদিন ৮০০ থেকে প্রায় ১ হাজার টাকার শরবত ও অ্যালোভেরা বিক্রি হয়। দীর্ঘ ২০ বছর ধরে শরবত ও অ্যালোভেরা বিক্রির ব্যবসা করছি। এসব অ্যালোভেরা রাজশাহী ও নাটোর থেকে আনা হয়। পরে সেগুলো পাইকারি দামে বিক্রি করি।’
আশু মিয়া আরও বলেন, ‘২০ বছর আগে ঢাকায় থাকতাম। কাজ করতাম একটি কারখানায়। পরে সে কাজ বাদ দিয়ে শরবত বিক্রি শুরু করেছিলাম। যে কারখানায় কাজ করতাম সেখানকার এক সহকর্মীর কাছে শরবত বানানো শিখেছি। পরে ঢাকা ছেড়ে সিলেটে চলে আসি। কিন্তু ওই ব্যবসা ছাড়িনি।’ তিনি জানান, বছরের ৩৬৫ দিনই শরবত বিক্রি করেন তিনি। এর বাইরে আর কোনো ব্যবসা বা কাজ করেন না। প্রতিদিন ভোরে ঘর থেকে বের হয়ে সন্ধ্যায় ফেরেন। ঘরে স্ত্রী-সন্তানেরা শরবত বানানোর উপকরণ প্রস্তুত করে দেয়।
জিন্দাবাজার মোড়ে আশু মিয়ার কাছ থেকে গ্লাসভর্তি শরবত খাচ্ছিলেন ব্যবসায়ী উসমান গণি। তিনি প্রথম আলোকে বলেন, শরবত খেলে পেট ঠান্ডা থাকে, গ্যাস দূর হয়। বেশ কিছুদিন ধরে শরবতটি খাচ্ছেন বলে জানান তিনি। শরবতের গ্লাস হাতে রিকশাচালক সালমান মিয়া বলেন, শরবত খেয়ে শরীরে আলাদা শক্তি পান তিনি। পেটের সমস্যাও দূর হয়।
ল্যাটিন শব্দ অ্যালোভেরা, বাংলায় এর নাম ঘৃতকুমারী। তবে অ্যালোভেরা নামেই বেশি পরিচিত সাকুলেন্ট প্রজাতির এ উদ্ভিদ। কোষ্ঠকাঠিন্য দূর করতে, শরীরের অতিরিক্ত চর্বি কমাতে, ত্বক ভালো রাখতে এর নির্যাস শরবত হিসেবে খাওয়া ও ত্বকে ব্যবহার দুটোই দারুণ উপকারী।