ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আটকে পড়া ভারত ও বাংলাদেশের যাত্রীদের যাতায়াত অব্যাহত রয়েছে। সর্বশেষ আজ বুধবার ৮০ জন বাংলাদেশি বন্দর দিয়ে দেশে ফিরেছেন। একই দিন ১৮ জন ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরেছেন। ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের পর গত ১৭ দিনে মোট ৫৪৩ জন বাংলাদেশে ও ১৬৮ জন ভারতে গেছেন।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ভারত থেকে ফেরত বাংলাদেশি নাগরিকদের ব্রাহ্মণবাড়িয়ার পাঁচটি আবাসিক হোটেল ও বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। তাঁদের আখাউড়া উপজেলার হোটেল নাইন স্টার, হোটেল রজনীগন্ধা, জেলা শহরের হোটেল অবকাশ, হোটেল তাক ও গ্র্যান্ড মালেক হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়। এসব হোটেলে কোয়ারেন্টিনে থাকা ও খাওয়া বাবদ খরচ বাংলাদেশি নাগরিকদের বহন করতে হয়। আর বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাগরিকেরা বিনা মূল্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকছেন। তবে খাবার খবর নিজেদের বহন করতে হয়।
এখন পর্যন্ত ১৮৭ জন কোয়ারেন্টিনে রয়েছেন। বাকিদের দেশের বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে এখন পর্যন্ত ৩৬ জন ছাড়া পেয়েছেন।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-এ আলম প্রথম আলোকে বলেন, মঙ্গলবার পর্যন্ত জেলায় ১১৪ জন কোয়ারেন্টিনে ছিলেন। বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৮০ জন বাংলাদেশে ফিরেছেন। তাঁদের মধ্যে ৭ জনকে স্বাস্থ্য পরীক্ষার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোয়ারেন্টিনে পাঠানো হবে। আর বাকি ৭৩ জনকে জেলার কোয়ারেন্টিনে পাঠানো হবে।